এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও, আবেদন যেভাবে

২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ PM
এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও,

এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও, © সংগৃহীত

মানুষের দৈনন্দিন জীবনে বাড়ছে এআই টুলের ব্যবহার। শিক্ষার্থীদের এসাইনমেন্ট, গবেষণা থেকে শুরু করে পরীক্ষার আগের রাতের সহায় হওয়া— এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহারের স্রোতে এবার বড় ঘোষণা দিল তিন ফরাসী উদ্যোক্তা। ‘প্রি পাসকাল দ্য লিতেরাতুর আইএ’ (Prix Pascal de Littérature IA) নামের এই পুরস্কারে বিজয়ী লেখকের বই প্রকাশের সুযোগ থাকবে। এআইয়ের সহায়তায় লেখা পাণ্ডুলিপি জমা দিয়ে বিশ্বের যেকোনো দেশের লেখক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে পুরস্কারটির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে নভেম্বরের শেষ পর্যন্ত। প্রতিযোগীদের ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে হবে। পাশাপাশি লেখাটি তৈরিতে কোন এআই মডেল এবং কী প্রম্পট ব্যবহার করা হয়েছে, সেই তথ্যও দিতে হবে।

চ্যাটজিপিটি, ক্লদ, জেমিনি ও এলএলএএমএসহ সব প্রধান ভাষাভিত্তিক এআই মডেল ব্যবহারের অনুমতি রয়েছে। আয়োজকেরা প্রাথমিকভাবে ১০টি পাণ্ডুলিপি বাছাই করবেন। ডিসেম্বরের শুরুতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিচারকমণ্ডলীতে পাঁচ থেকে ছয়জন লেখক, সাহিত্য সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশক থাকবেন। নভেম্বরের শুরুতে বিচারকদের নাম প্রকাশ করার কথা রয়েছে।

পাসকাল পুরস্কারের নামকরণ করা হয়েছে ফরাসি গণিতবিদ, দার্শনিক ও উদ্ভাবক ব্লেইজ পাসকালের নামে। তিনি প্রাথমিক যান্ত্রিক গণনাযন্ত্রগুলোর একটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ধর্মতত্ত্ব ও দর্শন নিয়েও তার উল্লেখযোগ্য কাজ রয়েছে। তার বিখ্যাত গ্রন্থ ‘পঁসে’ (Pensées)-এর দার্শনিক গভীরতা ও সাহিত্যিক সৌন্দর্যের প্রশংসা করেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস।

পুরস্কারের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় জমা দেওয়া লেখা অবশ্যই কথাসাহিত্য হতে হবে। তবে শুধু গল্প বা উপন্যাস লিখলেই চলবে না; লেখাটির মাধ্যমে মানবতার জন্য হুমকি হয়ে ওঠা কোনো নৈতিক, সামাজিক বা পরিবেশগত সমস্যার সমাধানে অবদান রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

প্রযুক্তি উদ্যোক্তা ফিলিপ রদ্রিগেজ, আলবিন সার্ভিয়াঁ ও জিল মন্ত্রে এ পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। রদ্রিগেজ একীভূতকরণ ও অধিগ্রহণবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আভোলটার প্রতিষ্ঠাতা অংশীদার। ইউরোপের ক্রিপ্টো ও ব্লকচেইন খাতেও তিনি পরিচিত। সার্ভিয়াঁ ডিজিটাল মিডিয়া উদ্যোক্তা এবং এলজিবিটিকিউ+ সাময়িকী ‘তেতু’র সাবেক চেয়ারম্যান। অন্যদিকে, মন্ত্রে একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং দর্শনে পিএইচডিধারী। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও প্যারিসের প্যানথিয়ন-সরবোন বিশ্ববিদ্যালয়ে পড়ান। অনলাইনে ভোট দেওয়ার প্ল্যাটফর্ম ইলেক্টিসের সহপ্রতিষ্ঠাতাও তিনি।

চলতি বছর বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে এআইয়ের ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যে নতুন এই পুরস্কার চালু হলো। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ, কেইন প্রাইজ এবং ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রি গোঁকুর পুরস্কারের চূড়ান্ত পর্বের লেখক বা বিজয়ীদের লেখা তৈরিতে এআই ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়ে আলোচনা ও বিতর্ক হয়েছে।

এমন পরিস্থিতিতে এআইয়ের সহায়তায় লেখা সাহিত্যকর্মকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ হিসেবে প্রি পাসকালকে দেখা হচ্ছে। তবে প্রতিযোগিতায় অংশ নিতে লেখকদের এআই ব্যবহারের বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে, যা লেখালেখিতে প্রযুক্তির ভূমিকা ও সৃজনশীলতার স্বচ্ছতা নিয়ে চলমান বিতর্ককে নতুন মাত্রা দিতে পারে।

খবর: দ্য গার্ডিয়ান 

প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
  • ২৪ অক্টোবর ২০২৬
শিক্ষার্থী নিপীড়ন রোধে কওমি মাদ্রাসায় হটলাইন চালুর নির্দেশ …
  • ২৪ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক
  • ২৪ অক্টোবর ২০২৬
সব পরীক্ষা শেষ, বায়রার অনুমোদন পেলেই রূপপুরে বিদ্যুৎ উৎপাদন…
  • ২৪ অক্টোবর ২০২৬