প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জানলেন ছবিটি এআই 

১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ PM
এআইয়ের তৈরি ভিডিও দেখে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন এই ব্যক্তি (ডানে)

এআইয়ের তৈরি ভিডিও দেখে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন এই ব্যক্তি (ডানে) © সংগৃহীত

বিয়ের স্বপ্ন নিয়ে নিজের সব সম্পদ বিক্রি করে এক নারীর সঙ্গে দেখা করতে ১ হাজার ৯৩১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন ৪৯ বছর বয়সী এক ব্রাজিলিয়ান। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, যাকে জীবনসঙ্গী ভেবে এত দূর এসেছেন, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। ওই নারী আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি চরিত্র। খবর এনডিটিভির

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের বাসিন্দা এডিমার মার্টিনস পেশায় একজন রাজমিস্ত্রি। স্থানীয় সম্প্রচারমাধ্যম টিভি মিরান্তেকে তিনি জানান, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জেসিকা অলিভেইরা নামে এক নারীর অ্যাকাউন্ট প্রথম দেখেন তিনি। ওই নারী ‘জেসিকা ফাজেন্দেইরা’ নামেও পরিচিত ছিলেন।

অ্যাকাউন্টটিতে তিন লাখের বেশি অনুসারী ছিল বলে জানা গেছে। সেখানে খামারে গ্রামীণ জীবনযাপনের নানা ভিডিও প্রকাশ করা হতো। ভিডিওতে ওই নারী পুরুষদের তার সঙ্গে থাকতে আমন্ত্রণ জানাতেন। পাশাপাশি থাকার জায়গা ও আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিতেন।

মায়ের মৃত্যুর পর নিঃসঙ্গতায় ভুগছিলেন মার্টিনস। নতুন করে জীবন শুরু করার আশায় তিনি ওই নারীর প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন। অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তাকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি নিজের খামারে থাকার জায়গা দেওয়ার কথা বলা হয়েছিল।

একপর্যায়ে ওই নারীকে সম্ভাব্য জীবনসঙ্গী মনে করে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন মার্টিনস। গত ৯ অক্টোবর যাত্রার খরচ জোগাতে নিজের জিনিসপত্র বিক্রি করেন তিনি। এরপর ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্তের উদ্দেশে রওনা হন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাসে এক দিনেরও বেশি সময় ভ্রমণ করে ১১ অক্টোবর শহরটিতে পৌঁছান তিনি।

কিন্তু সেখানে গিয়ে ভেঙে যায় তার বিয়ের স্বপ্ন। ওই নারীর ছবি সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন মার্টিনস। পথচারীদের ছবিটি দেখিয়ে তার পরিচয় জানার চেষ্টা করলেও কেউ তাকে চিনতে পারেননি। পরে একটি স্থানীয় রেডিও স্টেশনে গেলে তাকে জানানো হয়, ওই নারীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটিও ভুয়া।

এভাবে মার্টিনস জানতে পারেন, যাকে বিয়ে করার আশায় এত দূর এসেছেন, তিনি আসলে এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র। এ ঘটনায় হতাশা প্রকাশ করে মার্টিনস বলেন, ‘এটি শুধু দুঃখ, হতাশা ও বিষণ্নতা নিয়ে আসে। অনেকেই একটি সম্পর্ক খুঁজছিলেন, তাই আমি এসেছিলাম।’

পরে ওই অ্যাকাউন্টের পেছনে থাকা ব্যক্তি স্বীকার করেন, নারী চরিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তবে মার্টিনসের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগের কথা অস্বীকার করেন তিনি।

ওই ব্যক্তি বলেন, ‘আমি এখানে স্পষ্ট করে বলতে এসেছি, আমি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এই প্রোফাইল ব্যবহার করে আমি কারও সঙ্গে কখনো কথা বলিনি। অ্যাকাউন্টটি তৈরির উদ্দেশ্য ছিল বিক্রির জন্য এনগেজমেন্ট বাড়ানো। আমি সরাসরি কারও সঙ্গে কথা বলিনি, কাউকে বেলো হরিজন্তে আসতেও বলিনি। এখানে যা ঘটছে, তা দেখে আমি নিজেই অবাক।’

যাত্রার পেছনে সব টাকা খরচ করে শহরটিতে আটকা পড়েন মার্টিনস। পরে তিনি স্থানীয় পৌর কর্তৃপক্ষের সহায়তা চান। সমাজকর্মীরা তাকে খাবার, গোসলের সুবিধা এবং শহর ছাড়ার জন্য বাসের টিকিটসহ প্রয়োজনীয় সহায়তা দেন।

এত বড় হতাশার পরও জীবনসঙ্গী খোঁজার আশা ছাড়েননি মার্টিনস। বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি। স্থায়ীভাবে সংসার করার মতো কাউকে খুঁজে পাওয়ার আশায় আবারও বেলো হরিজন্তে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্টিনস বলেন, ‘আমি তাকে খুঁজে পাইনি। তবে অন্য কাউকে খুঁজে পাব। আমি যে জায়গায় গিয়েছিলাম, সেখানেই আবার যাব।’

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসেরও কম সময়ে মার্টিনস তৃতীয় ব্যক্তি, যিনি বেলো হরিজন্তে গিয়ে এমন এক নারীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, যিনি পরে এআই দিয়ে তৈরি কাল্পনিক চরিত্র বলে প্রমাণিত হয়েছেন।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬