প্রতীকী ছবি © সংগৃহীত
সারাবিশ্বে জোর দিয়ে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। যে কারণে বিশ্ব প্রযুক্তি মোড়লরা এই খাতটিতে ধারাবাহিকভাবে বাড়াচ্ছেন বিনিয়োগের পরিমাণ। দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার বাড়তে থাকায় ইতোমধ্যে বেশ কয়েকটি পেশা তাদের চাহিদা কমতে থাকায় বিলুপ্তির মুখে পড়েছে। তবে ভিন্ন কথা বলছেন বিশ্বের সাবেক সর্বোচ্চ ধনকুবের বিল গেটস। তার মতে এআইয়ের ব্যবহারে যতই বাড়ুক না কেন তিনটি পেশার গুরুত্ব কখনোই কমবে না।
সম্প্রতি এক পডকাস্টে এআইয়ের ব্যবহার ও মানবপেশার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন গেটস। তার মতে কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, জ্বালানি খাতের বিশেষজ্ঞ এবং জীববিজ্ঞানী— তিন পেশার গুরুত্ব কখনোই কমবে না। তবে নিজের করা এই অনুমানের শতভাগ নিশ্চয়তা দেননি সাবেক এই বৈশ্বিক ধনকুবের।
চলুন তাহলে জেনে নেওয়া যাক গেটসের বলা সেই তিন পেশা সম্পর্কে।
কোডার বা সফটওয়্যার ডেভেলপার
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে কোড লেখা সম্ভব হলেও জটিল সফটওয়্যার তৈরির ক্ষেত্রে সমস্যা সমাধানের দক্ষতা এখনো গুরুত্বপূর্ণ। গেটসের মতে, কোডের ত্রুটি শনাক্ত ও সংশোধন, সফটওয়্যারের উন্নয়ন এবং এআই প্রযুক্তির বিকাশে মানব প্রোগ্রামারদের ভূমিকা অপরিহার্য থাকবে। পাশাপাশি সফটওয়্যারের ডিজাইনে মানব চিন্তাশক্তি ও কল্পনার বিকল্প এআই কখনোই হতে পারবে না বলে মনে করেন তিনি।
জ্বালানি বিশেষজ্ঞ
কৃত্রিম বুদ্ধিমত্তা চালনায় যে জ্বালানি দরকার সেই জ্বালানির প্রয়োজন অনুযায়ী সংস্থান ও সরবরাহ করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন জ্বালানি প্রকৌশলীরা। তেল, পারমাণবিক শক্তি ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতগুলো পরিচালনায় বিশেষজ্ঞদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এআই তথ্য বিশ্লেষণ ও কাজের দক্ষতা বাড়াতে সহায়তা করতে পারে। তবে জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং সংকট মোকাবিলায় মানুষের অভিজ্ঞতা ও বিচারবুদ্ধির প্রয়োজন থাকবে বলে মনে করেন বিল গেটস।
জীববিজ্ঞানী
এআইয়ের ব্যবহার বাড়লেও এখনো চিকিৎসা গবেষণা ও বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে জীববিজ্ঞানীদের সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি এবং সমালোচনামূলক চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। এআই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ এবং রোগ নির্ণয়ে সহায়তা করতে পারলেও নতুন ধারণা তৈরি ও মৌলিক গবেষণায় মানুষের ভূমিকা এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করেন গেটস। তার মতে, এ ক্ষেত্রে গবেষকদের সহায়ক হাতিয়ার হিসেবে কাজ করবে এআই, তাদের পুরোপুরি প্রতিস্থাপন করবে না।