জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্রশিক্ষণ

১৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় ও এআইয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয় ও এআইয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্স চালু, উন্নত প্রশিক্ষণ, শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা এবং ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে মৌলিক প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এ কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। তবে দুই প্রতিষ্ঠানের সম্মতিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণ করা হতে পারে।

এ ছাড়া আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নত এআই কোর্স ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এসব প্রশিক্ষণের ফি ও শর্ত দুই প্রতিষ্ঠানের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দক্ষতার স্বীকৃতি হিসেবে সনদ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম পর্যালোচনা ও হালনাগাদ করার পাশাপাশি শ্রমবাজারের প্রবণতা এবং দক্ষতার চাহিদা নিয়ে যৌথ গবেষণা করবে প্রতিষ্ঠান দুটি। এ ছাড়া প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি, ইন্টার্নশিপ এবং চাকরির ব্যবস্থা করতেও যৌথভাবে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম লিমিটেড। এর মাধ্যমে উচ্চশিক্ষার সঙ্গে শিল্পখাতের চাহিদার সংযোগ বাড়ানো এবং পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো এআই প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর এই প্রথম বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া ও আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন। ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন এবং পরিচালক এস কে তারেক।

গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যান চুরির দায়ে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড
  • ১৯ অক্টোবর ২০২৬