ইমোজি © সংগৃহীত
ডিজিটাল যোগাযোগকে আরও বৈচিত্র্যময় করতে চলতি বছরের সেপ্টেম্বরে যুক্ত হতে যাচ্ছে ৯টি নতুন ইমোজি। নতুন তালিকায় রয়েছে ‘পিকল’ (আচার), ‘ক্র্যাকিং ফেস’ (ফেটে যাওয়া মুখ), ‘ইরেজার’ (রাবার), ‘লাইটহাউস’, ‘মনার্ক প্রজাপতি’সহ আরও কয়েকটি নতুন ইমোজি। ব্যবহারকারীদের অনুভূতি ও বার্তা আরও স্পষ্টভাবে প্রকাশের সুযোগ করে দিতেই এই নতুন সংযোজন আনা হচ্ছে।
প্রতি বছর ১৭ জুলাই পালিত হয় ওয়ার্ল্ড ইমোজি ডে। এ উপলক্ষে এ বছরের নতুন ইমোজির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন ইমোজিগুলো সেপ্টেম্বর মাসে Emoji 18.0 সংস্করণের অংশ হিসেবে প্রকাশ করা হবে।
একসময় ১৯৯০-এর দশকের আগে ইমোজির কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু বর্তমানে টেক্সট বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা হয়ে উঠেছে এগুলো। বিশ্বজুড়ে প্রতিদিন আনুমানিক ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ইমোজি পাঠানো হয়।
নতুন ইমোজিগুলো কী বোঝাবে
এবারের তালিকায় সবচেয়ে আলোচিত সংযোজন হলো ক্র্যাকিং ফেস ইমোজি। এটি এমন পরিস্থিতি প্রকাশ করতে ব্যবহার করা যাবে, যখন কেউ বাইরে থেকে নিজেকে স্বাভাবিক বা ভালো দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এ ছাড়া যুক্ত হচ্ছে বাম দিকে নির্দেশ করা থাম্বস সাইন এবং ডান দিকে নির্দেশ করা থাম্বস সাইন। দুটি ইমোজিতেই বিভিন্ন ত্বকের রঙ ব্যবহারের সুবিধা থাকবে।
তালিকায় আরও রয়েছে লাইটহাউস, উল্কাপিণ্ড, হ্যান্ডেলযুক্ত জাল, পিকল (আচার) এবং ইরেজার (রাবার) ইমোজি।
নতুন ৯টি ইমোজি
সেপ্টেম্বরে যেসব নতুন ইমোজি যুক্ত হওয়ার কথা—
ক্র্যাকিং ফেস (ফেটে যাওয়া মুখ)
বাম দিকে নির্দেশ করা থাম্বস সাইন (বিভিন্ন ত্বকের রঙের সমর্থনসহ)
ডান দিকে নির্দেশ করা থাম্বস সাইন (বিভিন্ন ত্বকের রঙের সমর্থনসহ)
মনার্ক প্রজাপতি (সাধারণ প্রজাপতির পরিবর্তে নির্দিষ্ট এই প্রজাতি)
পিকল বা আচার (বর্তমান শসা ইমোজির পাশাপাশি)
লাইটহাউস
উল্কাপিণ্ড (বর্তমান ধূমকেতু ইমোজি থেকে আলাদা)
ইরেজার বা রাবার, যা কাগজে পেন্সিলের দাগ মুছে ফেলার প্রতীক
হ্যান্ডেলযুক্ত জাল, যা সাধারণত পোকামাকড় ধরতে ব্যবহার করা হয়
নতুন ইমোজিগুলো Emoji 18.0 নামে পরিচিত সর্বজনীন তালিকার অংশ। এই তালিকা সবার জন্য উন্মুক্ত এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ধাপে ধাপে নিজেদের প্ল্যাটফর্মে এগুলো যুক্ত করবে।
সম্প্রতি যুক্ত হওয়া ইমোজিগুলোর মধ্যে একটি ছিল জিঞ্জার। এটি শরৎ বা শীতকালকে বোঝাতে ব্যবহার করা যেতে পারে। আবার প্রাকৃতিক মসলা আদার প্রতীক হিসেবেও ব্যবহার করা সম্ভব। মজার ছলে লালচে চুলের কাউকে বোঝাতেও এটি ব্যবহার করা যায়।
এ বছর ওয়ার্ল্ড ইমোজি ডে উদযাপনের ১৩তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৯ সালে প্রথম ইমোজি তৈরির কৃতিত্ব দেওয়া হয় জাপানের সফটওয়্যার ডেভেলপার শিগেতাকা কুরিতাকে।
অন্যদিকে, ফেসবুক ও মাইক্রোসফট এখনো Emoji 17.0 সংস্করণের পূর্ণ সমর্থন চালু করেনি। ওই সংস্করণে বিকৃত মুখ (Distorted Face) এবং ব্যালে নৃত্যশিল্পীর (Ballet Dancer) মতো নতুন ইমোজি যুক্ত হয়েছিল।