একযুগ পর উৎক্ষেপণের অপেক্ষায় রাশিয়ার নতুন রকেট

১৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ PM
এর আগে ‘সয়ুজ-২’ নামে রকেট উৎক্ষেপণ করে রাশিয়া।

এর আগে ‘সয়ুজ-২’ নামে রকেট উৎক্ষেপণ করে রাশিয়া। © রয়টার্স

‘সয়ুজ-৫’ নামে রাশিয়ার নতুন রকেট এখন মহাকাশ অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো। ২০১৪ সালের পর দেশটিতে তৈরি প্রথম এ রকেটটি বর্তমানে চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কাজাখস্তানের সঙ্গে যৌথভাবে তৈরি ‘সয়ুজ-৫’ নামের শক্তিশালী এ রকেটটি রাশিয়ার মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে এক প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার শীর্ষ মহাকাশ কর্মকর্তার দেওয়া তথ্য অনুসারে, ‘সয়ুজ-৫’ বর্তমানে চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এবং মহাকাশ প্রকল্পের জন্য তা পুরোপুরি প্রস্তুত। গত শনিবার রুশ মহাকাশ সংস্থা ‘রসকসমস’-এর প্রধান দিমিত্রি বাকানভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ রকেটের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিনের প্রথম মহাকাশ ভ্রমণের ৬৫তম বার্ষিকী উদযাপনের ঠিক আগের দিন এ তথ্য জানালো রাশিয়া। 

রুশ সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুসারে, বাকানভ বলেছেন, ‘নতুন সয়ুজ-৫ রকেটটি পুরোপুরি প্রস্তুত। কাজাখস্তানের সহযোগিতায় আমাদের এই যৌথ প্রকল্পটি বাইতেরেক নামে পরিচিত। বর্তমানে রকেটটির প্রতিটি অংশ ও যন্ত্রাংশের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ২০১৪ সালের পর রাশিয়ায় তৈরি এটিই প্রথম নতুন ধরনের রকেট।’

প্রস্তুতি এগিয়ে চলার সঙ্গে সঙ্গে পরীক্ষার অংশ হিসেবে রকেটটিকে এরইমধ্যে উলম্ব বা খাড়াভাবে বসানো হয়েছে বলেও উল্লেখ করেছেন বাকানভ। পরিকল্পনা অনুসারে, দুই স্তরের নতুন এ রকেটটি মহাকাশে ১৭ মেট্রিক টন পর্যন্ত ওজন বহন করতে পারবে, যা পুরানো ‘জেনিত’ রকেটের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। সোভিয়েত আমলে নির্মিত ও বর্তমানে কাজাখস্তানে অবস্থিত বাইকনুর স্পেস সেন্টার থেকে এসব রকেট উৎক্ষেপিত হবে।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘রাশিয়ার মহাকাশ শিল্প এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আমি জানি, দীর্ঘ সময় ধরে এ খাতে অনেক সমস্যা জমে ছিল, যা এখন কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে।’

দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনি…
  • ২৪ নভেম্বর ২০২৬
ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন আইএসটিকিউবির…
  • ২৪ নভেম্বর ২০২৬
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬
স্টামফোর্ডের আসন্ন সমাবর্তনে প্রধান অতিথি হতে সম্মতি রাষ্ট্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের কোটা ও আবেদনের যোগ্যতা কমল
  • ২৪ নভেম্বর ২০২৬
মেডিকেল ভর্তিতে পশ্চাদপদ জনগোষ্ঠীর আবেদনের যোগ্যতা কমেছে
  • ২৪ নভেম্বর ২০২৬