গ্রেফতারদের মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ বৃহস্পতিবার

০৩ মার্চ ২০২১, ১১:২৫ PM
মশাল মিছিল

মশাল মিছিল © টিডিসি ফটো

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ এলাকায় মশাল মিছিল থেকে গ্রেফতার সাতজনের জামিন নামঞ্জুর করায় বৃহস্পতিবার (৪ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবিরের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপক শীল, ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় প্রমুখ। সমাবেশে জোটের সমন্বয়ক আল কাদেরী জয় আগামীকাল সারাদেশে এবং সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

মাসুদ রানা বলেন, এই অবৈধ সরকার পুলিশকে ভোট ডাকাতির কাজে ব্যবহার করেছিলো। এখন মানুষের কন্ঠ চেপে ধরার কাজে ব্যবহার করছে। দেশে এখন বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। প্রতিবাদ করা যাবে না আন্দোলন করা যাবে না। কিন্তু যাদের গ্রেফতার হয়েছে তারা ভীত নয় তাদের পিতা-মাতা, পরিবারও খুশি। যেমনটি করেছিলেন শহীদ জাহানারা ইমাম। এভাবেই দিনে দিনে আমাদের আন্দোলন আরো দৃঢ় হবে। পুলিশ-আইন বিভাগকে কব্জা করেও এই সরকারের শেষ রক্ষা হবে না।

আল কাদেরী জয় বলেন, এই দেশ একটি কারাগারে পরিণত হয়েছে। ১৮ কোটি মানুষ এই কারাগারে বন্ধী। এদেশে খুনী-ধর্ষকদের জামিন হয় আর যারা ন্যায়ের পক্ষে আন্দোলন-সংগ্রাম করে তাদের জামিন হয় না। এই সরকার তিন দফা দাবি না মানলে পরবর্তীতে আমাদের একমাত্র দাবি হবে স্বৈরাচারী শেখ হাসিনার পতন।

এর আগে মশাল মিছিলটি টিএসসি থেকে শুরু করে শাহবাগ, কাটাবন হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে এসে মিলিত হয়।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬