© ফেসবুক থেকে সংগৃহীত
চট্টগ্রামে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। আজ শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ছাত্র অধিকার পরিষদের (ভারপ্রাপ্ত) আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি ও পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়। এতে সংগঠনটির কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে মিছিলটি গুলিস্তান মাজার মোড় ঘুরে হাইকোর্টের কদম ফোয়ারা হয়ে ফের পল্টন মোড়ে এসে শেষ হয়। এসময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন মুহাম্মদ রাশেদ খাঁন, নুরুল হক নুর প্রমুখ।
হামলার ব্যাপারে নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকালকে চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ তারা সেখানকার স্থানীয় একটি রেস্টুরেন্টে পরিচিত সভা করতে গেলে সেখানে ছাত্রলীগ হামলা করে। এসময় সংগঠনটির বেশ কয়েকজনকে পুলিশ থানায় নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। বিষয়টি জানলে তাৎক্ষণিক বিক্ষোভটি করা হয় বলে জানান নুর।