বহিষ্কৃত জাহিদুল ইসলাম রায়হান ও সাখাওয়াত হোসেন রবিন © সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার দুই ছাত্রদল সভাপতিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন সোনাগাজীর বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান ও সোনাগাজী বখতারমুন্সি ফাজিল ডিগ্রি মাদরাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ প্রদান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সোনাগাজীর তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৯) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকার আব্দুল মোমিন ভূঁইয়ার ছেলে মো. মোকাদ্দেস ভূঁইয়া তারেক (২৮)।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম জানান, গ্রেপ্তার চারজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করানো হলে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।