কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা

০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ AM
আন্দোলনরত প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা

আন্দোলনরত প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা © টিডিসি সম্পাদিত

কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না এমন ঘোষণা দিয়ে এক দফা দাবিতে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। গতকাল সোমবার (৫ অক্টোবর) দিনভর আন্দোলনের পর আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালেও সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যরা।

একই সঙ্গে দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা।

আন্দোলনকারীদের এক দফা দাবি, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের ব্যবস্থা করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের তাৎক্ষণিক কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, রাতভর অবস্থান করলেও সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর সহযোগিতা তো দূরের কথা, ন্যূনতম সহানুভূতিও দেখানো হয়নি। দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করে আসা শিক্ষিত প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের অবস্থান কর্মসূচিকে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দাবি আদায় না করে কোনোভাবেই ঘরে ফিরব না।’ দীর্ঘদিনের বেকারত্ব, অনিশ্চয়তা ও বঞ্চনা তাদের জীবনকে চরম সংকটের মধ্যে ফেলেছে বলেও জানান আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায়ে যেকোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও তারা জানান।

আরও দেখুন: আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ মোতায়েন

আন্দোলনকারীরা বলেন, তারা সরকারের প্রধানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে দীর্ঘদিনের কর্মসংস্থান সংকটের কথা জানাতে চান। তাদের ভাষায়, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই। আমাদের দাবি আদায়ে মাননীয় প্রধানমন্ত্রীই আমাদের একমাত্র ভরসা। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের প্রতি সুদৃষ্টি দেন এবং একটি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে দেশের শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের একটি স্থায়ী সমাধানের পথ তৈরি হবে। তখন কোনো শিক্ষিত প্রতিবন্ধীকে কর্মসংস্থানের দাবিতে এভাবে রাস্তায় রাত কাটাতে হবে না।’

তারা আরও বলেন, সরকারের কাছে তারা করুণা বা অনুকম্পা চান না; শিক্ষা, যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ চান।

চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসংস্থানের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আন্দোলনকারীদের ভাষায়, ‘আমরা পিছিয়ে যাব না। আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থানও স্পষ্ট। আমরা চাই কর্মসংস্থান এবং এই দাবি বাস্তবায়নের কার্যকর সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।’

চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্য সচিব মো. আলিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬