সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ

০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ AM
অভিযুক্ত ছাত্রদল কর্মীরা

অভিযুক্ত ছাত্রদল কর্মীরা © সংগৃহীত

‎রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মীমাংসার নামে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, কর্মচারীদের মারধর ও হুমকি-ধমকি প্রদর্শন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
‎
‎কর্তৃপক্ষের দাবি, প্রথমে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করা হলেও অনাদায়ে শেষ পর্যন্ত ২০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি জোরপূর্বক রফা করা হয়।
‎
গতকাল ‎সোমবার (৫ অক্টোবর) বিকেলে সদরঘাটের চতুর্থ গেটের পাশে এ ঘটনা ঘটে।
‎
‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে কয়েকজন শিক্ষার্থী সদরঘাটে গিয়ে লঞ্চে ওঠাকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এ ঘটনার জেরে তারা পরবর্তীতে আরও নেতাকর্মী নিয়ে সেখানে মীমাংসার নামে গিয়ে সরাসরি মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করে। এ সময় নেতাকর্মীদের সঙ্গে লঞ্চ কর্মীদের ব্যাপক হাতাহাতি হয় এবং কয়েকজন লঞ্চকর্মী আহত হন।
‎
‎একপর্যায়ে জবি ছাত্রদলের নেতাকর্মীরা তাদের নিজেদের মোবাইল ভাঙচুর ও হামলার শিকার হওয়ার মনগড়া দাবি তুলে লঞ্চ মালিক সমিতির কাছে সরাসরি ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বাধ্য হয়ে লঞ্চ মালিক সমিতি ২০ হাজার টাকা প্রদানে সম্মতি প্রকাশ করলে বিষয়টি শেষ হয়।
‎
‎ঘটনাটির পেছনে নেতৃত্ব দেওয়া ও উপস্থিত জবি ছাত্রদলের অভিযুক্ত নেতাকর্মীদের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন শাখা ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিনের অনুসারি হিসেবে পরিচিত জবির ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত, স্বরূপ সরকার কাব্য, ইমন ও আসিফ, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাইদ এবং একই শিক্ষাবর্ষের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী তাজ।
‎
‎ঘটনার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আওলাদ লঞ্চের এক কর্মকর্তা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে কিছু শিক্ষার্থী প্রায়ই রাতে লঞ্চে এসে মাদক সেবন করে। বহিরাগত ও মাদক ঠেকাতে সাধারণ শিক্ষার্থীদের পরিচয়পত্র ছাড়া প্রবেশে কড়াকড়ি করায় তারা ক্ষিপ্ত হয়। তারা মীমাংসার নামে এসে এখানে গায়ের জোর খাটিয়ে সরাসরি চাঁদা দাবি ও আদায় করে নিয়ে গেছে।’
‎
‎প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার মো. জিল্লু বলেন, ‘তারা বিভিন্ন বাহানায় জোরপূর্বক টাকা আদায় করেছে। পুরান ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে, কিন্তু কিছু ছাত্রনেতার এমন চাঁদাবাজি ও অপকর্ম বিশ্ববিদ্যালয়ের সুনাম বিনষ্ট করছে।’
‎
‎লঞ্চটির ব্যবস্থাপনা পরিচালক জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বহিরাগত মাদকসেবীদের উৎপাত বন্ধে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
‎
‎এদিকে ঘটনার সময় মীমাংসার নামে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদল কর্মীদের রোষানলে পড়েন উপস্থিত সাংবাদিকেরা। বাংলাদেশ বুলেটিনের জবি প্রতিনিধি আকাশ আহমেদ রুপম এবং পাবলিক নিউজের জবি প্রতিনিধি এটিএম হাসনাত হাবিব ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলকর্মীরা তাদের ওপর চড়াও হয়, ধাক্কাধাক্কি করে এবং জোরপূর্বক ঘটনাস্থল থেকে বের করে দেয়।

তবে একাধিকবার চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

‎
বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমি এ বিষয়ে পুরোপুরি অবগত না। যদি ছাত্র দলের পরিচয় ব্যবহার করে এ চাঁদাবাজি করে তাহলে ছাত্রদল এ দায়ভার নিবে না। তারা ছাত্র দলের কর্মী না। আর যদি ছাত্র দলের কেউ থাকে তাহলে ছাত্র দল সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।’

বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬