গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা © সংগৃহীত
২০১৩ সালে গুমের শিকার সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিহাবকে শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আতিকুর রহমান রুমনের সমন্বয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবদের বাসায় যায়।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই উপহার তুলে দেওয়া হয়। প্রতিনিধিদলের সদস্যরা শিহাবকে অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ এবং উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহসভাপতি ফারজানা রিমিসহ অনেকে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান কেন্দ্রীয় কারাগার এলাকার কাছ থেকে সাদা পোশাকধারী ব্যক্তিরা খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যান বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাবার নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পরও পড়াশোনা চালিয়ে যাওয়া সাদমান শিহাবের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনায় তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।