সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের সদস্যরা © টিডিসি ফটো
প্রতিবন্ধীদের কোটা পুর্নবহালের বিষয়ে দেশের বুদ্ধিজীবীদের সাথে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। প্রথম বারের মতো এই আলোচনা সভা আগামী বুধবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এ কর্মসূচীর কথা জানান। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহবুবুর রহমান প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তি পড়ে শোনান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মানুষের সাথে মানুষের সম্পর্ক থেকেই অধিকারের উৎপত্তি। অধিকার স্বার্থের সাথে সম্পর্কযুক্ত। অন্য কথায়, আইনগত বা নৈতিক বিধি-বিধান দ্বারা সংরক্ষিত স্বার্থকে অধিকার বলে অভিহিত করা যায়। কর্মসংস্থানের সুযোগ প্রতিবন্ধীদের জন্য অধিকার হিসেবে স্বীকৃত। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে সকল চাকরিতে চারভাগ কোটা প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তাইতো বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধীদের এগিয়ে নিয়ে আসার জন্য কর্মসংস্থানে কোটা সংরক্ষণ আইনী কাঠামোয় করা হয়েছে। কিন্তু আমাদের দেশে আমাদের অধিকারের বিষয়টি নীতি-নির্ধারকরা যেন বুঝেও না বুঝার চেষ্টা করেছেন।’
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের সভাপতি মো. আলী হোসেন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ পরিষদের অন্যান্য সদস্যরা।