কোটা কোন চিরস্থায়ী ব্যবস্থা নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কোটা পদ্ধতি থাকা উচিত। সম্প্রতি কোটা বাতিলের আগেও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ১% কোটাও যথাযথভাবে পূরণ করা হয়নি। তাই প্রয়োজনীয় নিয়ম করে সাময়িকভাবে কোটা ব্যবস্থা আরো কিছুদিন রাখা যেতে পারে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান।
তিনি বলেন, প্রতিবন্ধীদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তাদের শারীরিক সক্ষমতা, উপযুক্ত কর্মপরিবেশ এবং অনুকুল অবকাঠামো বিবেচনায় নিয়ে সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে শুক্রবার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় ড. আকবর আলী খান এই অভিমত ব্যক্ত করেন।
ড. আকবর আলী খান আরো বলেন, প্রতিবন্ধীদের অধিকার বিষয়টিকে করুণার দৃষ্টিতে দেখার পরিবর্তে অধিকারের দৃষ্টিতে দেখা প্রয়োজন। তিনি বলেন, শুধু সরকারি চাকুরি নয়, বেসরকারি খাতেও প্রতিবন্ধীদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করতে হবে।
বিতর্ক অনুষ্ঠানে ঢাকা বিশ্বিবিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না। প্রতিযোগিতায় বিচারক ছিলেন উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এসএম মোর্শেদ, সাংবাদিক ঝুমুর বারী ও অধ্যাপক ড. মু. শাহ আলম চৌধুরী।