‘গোলাপী জামা দেখে লুমাকে গ্রেপ্তার করা হয়েছে’

১৭ আগস্ট ২০১৮, ০৬:৪৪ PM
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এবং লুমার মা ও বোন কেয়া।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এবং লুমার মা ও বোন কেয়া। © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার লুমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘গুজবে কান দেবেন না’ থেকে এই অপপ্রচার চালানো হয়েছে বলে তাঁরা দাবি করেন। শুক্রবার বিকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা।

দেশব্যাপী নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে ফেসবুকে মিথ্যা ও উসকানিমূলক অপপ্রচারের অভিযোগে লুনাকে বুধবার ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিপ্রচাপড়ি গ্রাম থেকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ। ।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন বলেন, ফেসবুক গ্রুপ ‘গুজবে কান দেবেন না’তে লুমার নামে অপপ্রচার চালানো হয়েছে। সেখানে একটি ভিডিও শেয়ার করে তার নাম উপস্থাপন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করা হয়েছে।

তিনি বলেন, ৪ আগস্ট নিরাপদ সড়ক চাই আন্দোলনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় গোলাপী ড্রেস পরা একটি মেয়ে মুখ ঢেকে বক্তব্য দিচ্ছে। ভিডিওতে তাকে ঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। শুধু পরনের গোলাপী জামা দেখে তাকে লুমা হিসেবে নির্ণয় করা হয়েছে। এর কারণ একই রঙের একটি জামা পরে সে একটি টেলিভিশন টকশোতে অংশগ্রহণ করেছিল। আর এই বিভ্রান্তি তৈরি করা হয়- ওই ফেসবুক গ্রুপে। লুমাকে নিয়ে নানা ধরনের অশালীন পোস্ট ওই গ্রুপে শেয়ার করা হয়।’

লুমার মা রাশিদা বেগম বলেন, ‘আমার মেয়ের সাহস অনেক। সে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর দুটি বই পায়। সে বলতো- বঙ্গবন্ধুর বই পড়ে সাহস পাওয়া যায়। সাহস পেলে পিছিয়ে আসা যাবেনা। তিনি তো আমাদের কথা বলেছেন। জাতির কথা বলেছেন। সে ঢাকায় আসার পর কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়। কয়েকদিন পর মানুষের কাছে শুনলাম- লুমা নাকি মুফতি হান্নানের ভাগ্নি। আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে মুফতি হান্নান কে তুমি চেন? আমি বলি মুফতি হান্নানকে তো আমি নিজেই চিনি না। আমার মেয়ের নামে অনেক অপপ্রচার চালানো হয়েছে। মানুষ নানা রকম কথা বলে। আমি আমার মেয়ের নিঃশর্ত মুক্তি চাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লুমার বড় বোন কেয়া সরকার, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সে সময় লুমা ফেসবুক লাইভে উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করেন এই অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় বুধবার ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিপ্রচাপড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয় লুৎফুন্নাহার লুমাকে। তিনি ওই গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। গ্রেফতারের পর তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ৩ দিনের পুলিশ রিমান্ডে আছেন।

দুই শিক্ষাবর্ষ মিলিয়ে ঢাবিতে অনার্সে ভর্তি হলেন মাত্র ৫ বিদ…
  • ২৯ জুন ২০২৬
রুমিন ফারহানার বিরুদ্ধে মামলার আবদার করলেন সরাইল বিএনপি কর্…
  • ২৯ জুন ২০২৬
রামেকের আইসিইউতে প্রথমবার ‘বায়োফায়ার’ প্রযুক্তি, ১১ মাসের শ…
  • ২৯ জুন ২০২৬
প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬