শিক্ষার্থী, সাংবাদিকদের উপর হামলার বিচার ও নৌমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। © টিডিসি ফটো
আন্দোলনকারী শিক্ষার্থী, সাংবাদিকদের উপর হামলার বিচার ও নৌ মন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও মিছিল করেছে দু’টি সংগঠন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আজ মঙ্গলবার এসব কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীি ও নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।
বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে গ্রন্থাগারের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে মিলিত হয়। ‘চাইলাম নিরাপত্তা আর পেলাম টিয়ারশেল, বুলেট,’ ‘অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়’, ‘বিশ্ববিদ্যালয়ে হামলার বিচার চাই’, সহ নানা ধরণের প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।
পরে বেলা ১২ টার দিকে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এদিকে, দাবি আদায়ে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় কালো ব্যাচ ধারণ করে মৌন মিছিল ও ৭টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচী ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।