আর্জেন্টিনা © ফাইল ছবি
আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত কাতার বিশ্বকাপ। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এর আসর বসবে। বিশ্বকাপের সকল ম্যাচের টিকিটের চাহিদাই তুমুল। তবে টিকিট চাহিদায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনার দুই ম্যাচ।
কাতার বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের আল-খাতার কাতার নিউজ এজন্সিকে জানান,২০২২ বিশ্বকাপের সবচেয়ে বেশি বিক্রি হওয়া টিকিট হল আর্জেন্টিনা বনাম মেক্সিকো এবং আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচ। দুটি ম্যাচের টিকিটই বিক্রি শেষ হয়ে গেছে। তবে ঠিক কত টিকিট বিক্রি হয়েছিল তা নির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ।
নাসের আল-খাতার বলেন, গ্রুপ পর্বে ২৬ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-মেক্সিকো আর ২২ নভেম্বর আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ দুটির টিকিটের অনুরোধ ছিল সবচেয়ে বেশি।
গ্রুপ পর্বের এ দুটি ম্যাচই হবে লুসাইল স্টেডিয়ামে। এই মাঠে একসঙ্গে খেলা দেখতে পারবেন ৮০ হাজার দর্শক। এই মাঠেই ১৮ ডিসেম্বর হবে বিশ্বকাপের ফাইনাল।
আরও পড়ুন:চুমু খাওয়ার ছবি ফেসবুকে, দুই স্কুল শিক্ষার্থী বহিষ্কার।
কিছুদিন আগেই কাতার বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হওয়ার কথা জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সবচেয়ে বেশি টিকিট কিনেছেন কাতার, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, আরব আমিরাত, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির নাগরিকেরা।
টিকিট বিক্রি হবে বিশ্বকাপ শুরুর আগে ‘শেষ মুহূর্তে’ পর্যন্ত। তবে এখনো নির্দিষ্ট দিন-তারিখ জানায়নি ফিফা। আগামী ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ।