কাতার বিশ্বকাপ
আর্জেন্টিনার এক দল সমর্থক © সংগৃহীত
আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। এবারের আসরটি কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ইতোমধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। মেসি-নেইমারদের খেলা দেখতে কাতারে সমাগম ঘটবে হাজার হাজার সমর্থকদের। তবে দুঃসংবাদ রয়েছে ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকদের জন্য। যাঁদের কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।
বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে জানায়, আর্জেন্টাইন ৬ হাজার সমর্থকের একটি তালিকা প্রস্তুত করেছে বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন। এদের কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা সমর্থকও আছেন এ তালিকায়।
গতকাল এক বিবৃতিতে এই তালিকার কথা জানায় বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন। শহরের বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সহিংস সমর্থকেরা এখানে এবং কাতারেও আছেন। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংসরা (সমর্থক) স্টেডিয়ামের বাইরে থাকবে।
সেই সমর্থকদের নিয়ে ডি’আলেসান্দ্রো আরও জানিয়েছেন, কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢোকা থেকে যে ৬ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে প্রায় ৩ হাজার সমর্থক ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য। সহিংস আচরণের কারণে তাঁদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ। ‘বারাব্রাভাস’ আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী।
এরপর তিনি বিষয়টি ব্যাখ্যা করে আরও জানান, “বারাস” (সহিংস সমর্থক) সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন, যারা হিংস্র কাজে যোগ দেন এবং “ত্রাপিতোজ”–এর (অবৈধ ব্যবসা) সঙ্গে জড়িত। (বিচ্ছেদ ঘটা মা–বাবার) যেসব সন্তান নিজের খরচ মেটাতে পারেন না, তাঁরাও আছেন এই তালিকায়।
আরও পড়ুন: বিশ্বকাপে বোলিং পারফর্ম্যান্সে ভারতকে টপকে শীর্ষে পাকিস্তান
এদিকে অফিশিয়ালরা আগেই জানিয়েছেন, কাতারে সমর্থকদের ওপর নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তাব্যবস্থা থাকবে, ‘বিশ্বকাপে যেমন হয়ে থাকে, বিভিন্ন দেশের পুলিশকে পাঠানো হবে কাতারের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে কাজ করার জন্য।
এর আগে গত জুনে কাতার দূতাবাসের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই হয়। যেখানে বিশ্বকাপে আর্জেন্টিনার সহিংস সমর্থকেরা যেন স্টেডিয়ামে ঢুকতে না পারেন, সে জন্য এই চুক্তি করা হয়।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী তিন দল—সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবেন লিওনেল মেসিরা।