মাধ্যমিকে কর্মমুখী প্রকৌশল শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে

২২ আগস্ট ২০১৯, ১০:০৬ AM

© ফাইল ফটো

২০২১ সাল থেকে স্কুল ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কর্মমুখী প্রকৌশল শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এ জন্য ইতিমধ্যে পাঠ্যক্রম প্রণয়নের কাজ শেষ করার পাশাপাশি এখন বই সম্পাদনার কাজও চলছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি আফছারুল আমীন বলেন, আগের বৈঠকে সাধারণ শিক্ষায় কর্মমুখী শিক্ষা চালুর সুপারিশ করেছিল কমিটি। বুধবারের বৈঠকে মন্ত্রণালয় থেকে তার অগ্রগতি জানানো হয়েছে।

বৈঠকে জানানো হয়, নবম ও দশম শ্রেণিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কার্যক্রম শুরু হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্দেশ্যে কর্মমুখী প্রকৌশল শিক্ষা- ১, ২, ও ৩ নামে তিনটি বই প্রণয়নের জন্য সিলেবাস তৈরির কাজ শেষ হয়েছে। এখন বই সম্পাদনার কাজ চলছে।

এ ছাড়া নবম-দশম শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কারিগরি শিক্ষার বই বাধ্যতামূলক করার বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে ওয়ার্কশপ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সাল থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। বৈঠক সূত্র জানায়, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাপঞ্জি তৈরি করা হলেও তা অনুসরণ না করা, শিক্ষক নির্দেশিকা বাস্তবায়ন না করা, নিয়মিত পাঠ পরিকল্পনা প্রণয়ন না করা, সনাতনী পদ্ধতিতে পর্যবেক্ষণ ও লোকবল সংকট এবং শিক্ষার্থীর তুলনায় শিক্ষক কম হওয়ায় নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা যায় না।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবছরের জন্য নির্ধারিত সিলেবাস শ্রেণি কার্যক্রমের মাধ্যমে নির্দিষ্ট সময়ে শেষ হয় কি না , তা নজরদারিতে রাখার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এ কে এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬