স্কুল মাঠ দখল করে সড়ক নির্মাণ!

০৪ জুলাই ২০১৯, ০২:০৪ PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামপুর দরগাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জায়গা দখল করে পাকা সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণ বন্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে। স্কুল কর্তৃপক্ষ ঊর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ হিল বাকী জানান, ঈদের ছুটি থাকায় কাউকে কিছু না জানিয়ে গত ১৪ জুন সড়ক নির্মাণের জন্য স্কুল মাঠের প্রায় ১০০০ বর্গফুট জায়গায় গর্ত করা হয়েছে। পরের দিন ১৫ জুন স্কুল খোলার পর এই বিষয়টি দেখে তাৎক্ষণিক উপজেলা শিক্ষা অফিসার, এলজিইডির প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন তিনি। এরপরও ওই কাজের ঠিকাদার কাজ বন্ধ না করে তাকে হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি অবহিত করে কাজ বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন দেওয়া হয়েছে।

তিনি জানান, এসব উদ্যোগ নেওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম নিজে এবং তার লোকজন গালিগালাজসহ তাকে মারধরের হুমকি দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সরকারি জায়গাতেই ঠিকাদার সড়ক নির্মাণ করে যাচ্ছে। প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি, লাঞ্ছিতও করা হয়নি। তিনি জানান, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবেই জনগণের স্বার্থে সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে।

উপজলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সালমা আক্তার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে স্কুল মাঠে সড়ক নির্মাণ না করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত প্রতিবেদন দেওয়া হয়েছে।কোনও অবস্থাতেই স্কুলের জায়গায় সড়ক নির্মাণ করতে দেওয়া হবে না।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রহমান জানান, বিষয়টি নিস্পত্তি করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় অভিভাবক কামরুল ইসলাম জানান, স্কুল মাঠের ভেতর দিয়ে পাকা সড়ক নির্মাণ করা হলে ছেলেমেয়েদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। খেলাধুলা থেকেও ছেলেমেয়েরা বঞ্চিত হবে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ খান জানান, স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত করে প্রধান শিক্ষককে হুমকি ও লাঞ্ছিত করার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এপ্রসঙ্গে গফরগাঁও উপজেলা এলজিইডি প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, স্কুলের পাশের মূল সড়ক থেকে স্কুল হয়ে ৭০০ মিটার পাকা সড়কের কাজ করা হচ্ছে। গফরগাঁওয়ের দেওয়ান কনস্ট্রাকশন গত ১০ জুন থেকে কাজটি শুরু করেছে।

তিনি জানান, স্কুলের মাঠের বাইরে সরকারি জায়গায় এই কাজ করা হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেই সড়কের কাজ শুরু করা হয়েছে। এটি গ্রামীণ অঞ্চলের স্কুল কানেক্টিং প্রকল্পের কাজ। তবে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকাবাসী যদি না চায় তাহলে সড়ক নির্মাণের কাজ করা হবে না।

ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভবন দখলের হুমকির পর জাবি ছাত্রদল নেতা সেলিম রেজা বহিষ্কার
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবি ভিসির জাপান-কোরিয়া সফরে যত অর্জন
  • ০৬ নভেম্বর ২০২৬
মার্কিন শেয়ারবাজার থেকে ১ দিনেই উধাও ৩.২ ট্রিলিয়ন ডলার
  • ০৬ নভেম্বর ২০২৬
চালুর পর বছর না ঘুরতেই প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950