শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় গুরুত্বারোপ করেছে সরকার। বাড়াতে চায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা। এজন্য প্রাথমিকে ছাত্র-ছাত্রীদের ইংরেজি vocabulary শেখাবেন শিক্ষকরা। এরইমধ্যে এই উদ্যোগ বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।
বুধবার প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ইংরেজি শিখার লক্ষ্যে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ইংরেজি পাঠ্যবই এর শেষে সংযুক্ত ইংরেজি vocabulary গুলো থেকে প্রতিদিন কমপক্ষে একটি করে ইংরেজি শব্দ শ্রেণীকক্ষের প্রতিটি শিশুকে শেখানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের মৌখিক নির্দেশক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশনাটি প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে পাঠানো হচ্ছে।
