এইচএসসির ফলাফল
কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৫.৪২ শতাংশ
কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৫.৪২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৪৯.৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৭৮জন।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লহ্মীপুর জেলার ৩৮১টি কলেজ থেকে ১ লাখ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬৭ হাজার ৮২০জন। ফেল করেছে ৩৫ হাজার ৮৪৬জন। এবছর বিজ্ঞান বিভাগের পাশের হার ৮৩.০৫%, মানবিক বিভাগে ৫৬.৬১% ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার ৬৫.১৩%।
এদিকে ৬টি জেলার ৩৮১টি কলেজের মধ্যে শতভাগ পাশ করেছে ১৪টি কলেজ। ২টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি। কলেজগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর জেলার কমলনগর কলেজ। বোর্ড সুত্র জানায়, এ বছর ফেল করা পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশই ইংরেজীতে ফেল করেছে। এ বিষয়ে শতকরা ৭৩.৩৫ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। ফলাফল ঘোষণার পর কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বোর্ড কর্তৃপক্ষের শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় গত বছরের তুলনায় এ বছর ফলাফল ভাল হয়েছে। তবে খারাপ ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ভাল ফলাফল করতে আরও বহুমূখী পদক্ষেপ নেয়া হবে।