এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার

০৬ মে ২০১৮, ০২:২০ PM
ফল প্রকাশের স্কুলে স্কুলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ফল প্রকাশের স্কুলে স্কুলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার। ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ।

১০টি বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। ২০১৭ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। রবিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ফল ঘোষণাকালে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এদিকে, ফল প্রকাশের পর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী-অভিভাবকদের উচ্ছাস লক্ষ্য করা গেছে। আবার আশাতীত ফল অর্জন করতে না পেরে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবার ১০টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। আর পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, গত বছরের তুলনায় এ বছরেও ফলের সূচকে বেশকিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। এর পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের বেশ কিছু উদ্যোগ ভূমিকা রেখেছে। যেমন-বিনামূল্যে সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া, টেলিভিশনে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের পাঠদান প্রচার, নকল বিরোধী ব্যাপক প্রচারণাসহ নকল প্রতিরোধে বিভিন্নমুখী উদ্যোগ ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার। এ বছর ২৩টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। সকল শিক্ষা বোর্ডে অভিন্ন মূল্যায়ন পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছরের ন্যায় এ বছরও উত্তরপত্র মূল্যায়ণে অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন রোধে বোর্ডসমূহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে। প্রধান পরীক্ষকগণকে উত্তরমালা প্রনয়ণের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রণীত নমুনা উত্তরমালার আলোকে উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের গুণগতমান যাচাইয়ের জন্য একটি প্রশ্নমালা সকল প্রধান পরীক্ষকগণকে সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, বিজ্ঞান শাখায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি উত্তীর্ণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডসমূহে এ বছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ ও উত্তীর্ণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একইসাথে সকল শিক্ষা বোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রী ২.১৪% বেশী পাস করেছে।

পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এ ফলের তথ্যগুলো খুবই ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকগণের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে। শিক্ষা পরিবারের সকলকে জানাচ্ছি অভিনন্দন।

শিক্ষামন্ত্রী জানান, এবার ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। উত্তীর্ণদের মধ্যে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫ জন ছাত্র ও ৭ লাখ ৯১ হাজার ৮৫৯ জন ছাত্রী। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ ও কারিগরি বোর্ডে ৭১ দশমিক ৯৬ শতাংশ।

গত বছর আট বোর্ডে পাসের হার ছিলো ৮১ দশমিক ২১, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ২০ ও কারিগরি বোর্ডে ৭৮ দশমিক ৬৯ শতাংশ ছিল। এবার বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ।

শিক্ষামন্ত্রী জানান, দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে এবার ১৬ লাখ ২৪ হাজার ৪২৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে ১২ লাখ ৮৯ হাজার ৮০৫ জন। মাদরাসা বোর্ডে ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ৩ হাজার ৩৮২ জন। কারিগরি বোর্ডে এক লাখ ১৫ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৯১৭ জন।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫ জন। মাদরাসা বোর্ডে ৩ হাজার ৩৭১ ও কারিগরি বোর্ডে ৪ হাজার ৪১৩ জন জিপিএ-৫ পেয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। গত বছর এসএসসিতে ৯৭ হাজার ৯৬৪ জন, দাখিলে ২ হাজার ৬১০ ও কারিগরিতে ৪ হাজার ১৮৭ জন জিপিএ-৫ পেয়েছিল।

গত কয়েক বছরের মতো এবারও এসএসসিতে পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতে বরাবরের মতো শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৪১ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের মতো এবারও সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়নি।

১০ বোর্ডের পাশের হার এবং জিপিএ-৫ এর মধ্যে ঢাকা বোর্ডের পাশের হার ৮১ দশমিক ৪৮ শতাশং এবং জিপিএ-৫ পেয়েছেন ৪১ হাজার ৫৮৫ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৪৯৮ পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী। যশোর বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮ হাজার ৯৪ জন পরীক্ষার্থী। বরিশালে পাসের হার ৭৭ দশমিক ১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৯১ জন পরীক্ষার্থী। দিনাজপুরে পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৭৫৫ জন পরীক্ষার্থী।

মাদরাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী।

স্কুলে-স্কুলে উচ্ছাসের বন্যা: মাথার উপর বৈশাখের তপ্তসূর্য। সাথে আছে তীব্র যানজট। এসব বাধা ঠেলে এসএসসি পরীক্ষার্থী আর অভিভাবকেরা স্কুলে এসেছেন ফলাফল জানতে। পোশাক ভিজে গেছে ঘামে। কিন্তু উল্লাসের কমতি নেই। শিক্ষার্থীরা তাদের ভালো ফলাফলের আনন্দ অভিভাবক, বন্ধু আর শিক্ষকদের সাথে ভাগাভাগি করে নিতেই এতো আয়োজন।

রবিবার দুপুরে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়। রাজধানীর বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্কুলে সরেজমিনে দেখা গেছে স্কুল প্রাঙ্গন গুলোতে বাধভাঙ্গা উচ্ছাস। রাজধানী নিউ বেইলী রোডস্থ ভিকারুননেসা নূন স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা যায় অনেক পরীক্ষার্থীই এসেছেন তাদের অবিভাবকের সাথে ফলাফল জানতে।

জিপিএ ৫ প্রাপ্ত তন্দ্রিলা জামান বলেন, গত কয়েক বছরের সাধনার ফল হাতে পেলাম। কি যে ভালো লাগছে তা বলে বুঝাতে পারব না। ফলাফল জানতে আসা অভিভাবক তামান্না জামান বলেন, আমি কথা বলতে পারছি না। মেয়েরা সারা বছর যে হাড়ভাঙ্গা পরিশ্রম করেছে তারই ফল পেয়েছে। এটা তাদের প্রাপ্য ছিল। স্কুলটির বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ৪.৭৫ পাওয়া আবির মেসবাহ বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। তবে প্রশ্ন ফাঁসের গুজবে কান দেইনি বলেই হয়তো এই ফলাফল। ফলাফল জানতে আসা নিঝুম জানান, বন্ধুরা অনেকেই দূরে থাকে তাছাড়া অনলাইনে সবাই ফলাফল দেখার কারণে অনেকেই আসেনি। পাশেই থাকা একজন অভিভাবক বলেন, ঢাকা শহরে জ্যাম ঠেলে এখন বেশিরভাগই অনলাইনে দেখে নেয়।

ফলাফল নিয়ে স্কুলের অধ্যক্ষ নাজরিন ফেরদৌস জানান, এবার পরীক্ষা দিয়েছে ১ হাজার ৬ শ ১২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৬ শ ১০ জন। বাণিজ্য বিভাগ থেকে অকৃতকার্য হয়েছে ২ শিক্ষার্থী। এছাড়া স্কুলটি থেকে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪ শ ৪১ জন শিক্ষার্থী। এবার দুজন শিক্ষার্থী সমস্যার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। ভালো ফলাফলের কারণ হিসেবে তিনি বলেন, শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজও দেখা গেছে ফলাফল পেয়ে উচ্ছাস। কলেজের অধ্যক্ষ হাছিবুর রহমান বলেন,আমাদের কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছিল ৪০৭ জন। পাশ করেছেন ৩৫৯ জন। পাশের হার ৮৮.২১%। জিপিএ ৫ পেয়েছেন ১০ জন। গতবারের তুলনায় এবারের ফলাফল একটু ভাল। তবে জিপিএ কমেছে। বিজ্ঞান বিভাগের ফলাফল তুলনামূলক ভাল। এদিকে ফল পেয়ে প্রকাশ করেছে ছাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা প্রত্যাশিত ফল পেয়েছি। এ ফলাফলের জন্য আমরা আমাদের অভিভাবক ও শিক্ষকদের কৃতজ্ঞতা জানাই। ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন বলেন, আমাদের মোট পরীক্ষার্থী ৩০২জন। পাশ করেছেন ৩০০ জন। পাশের হার ৯৯.৩৪%। জিপিএ ৫ পেয়েছেন ১১৩ জন। এ কলেজে ফলাফল গতবারের তুলনায় অনেক ভাল।

সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুজ্জামান বলেন, আমাদের মোট পরীক্ষার্থী ছিল ৫৩ জন এবং পাশ করেছে ৪৭ জন। স্কুলটিতে কিছু সমস্যা আছে আমরা সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি। এদিকে কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বলেন, আমাদের ৫৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৪৯ জন। পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাফল্যের পেছনে ছিলেন অভিভাবক ও শিক্ষকরাই প্রধান নিয়ামক। তবে অভিভাবকরা বলেছেন স্কুলের শিক্ষক ও সন্তানের পরিশ্রমের কথা। স্কুল শিক্ষকরা মনে করেন, স্কুলের পাঠদান, অভিভাবকদের সহায়তা ও শিক্ষার্থীর আন্তরিকতায় ভালো ফল সম্ভব হয়েছে।

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • ১৮ এপ্রিল ২০২৬