জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ

২৯ জুন ২০২৬, ০৮:৫৮ AM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৮:৫৯ AM
 নেইমার

নেইমার © টিডিসি ফটো

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন নেইমারকে ঘিরেই। ৯৮১ দিন পর জাতীয় দলে ফিরে আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই তারকা ফরোয়ার্ড। এবার কি শুরুর একাদশে দেখা যাবে তাকে? এমন প্রশ্নের জবাবে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, নেইমার আগের চেয়ে অনেক বেশি ফিট হলেও তাকে কতক্ষণ খেলানো হবে, সেটি নির্ধারণ করবে ম্যাচের পরিস্থিতি। তার বক্তব্যে স্পষ্ট, জাপানের বিপক্ষেও শুরু থেকেই নেইমারকে মাঠে দেখার সম্ভাবনা কম।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শেষ বত্রিশের লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নেইমারের 'গেম টাইম' নিয়েই সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হন আনচেলোত্তি।

ব্রাজিল কোচ জানান, নেইমার ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন। স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে ১৫ মিনিট খেলেছিলেন তিনি। জাপানের বিপক্ষে সেই সময় আরও বাড়তে পারে।

এ বিষয়ে আনচেলোত্তি বলেন, ‘নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত, পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

তবে শুরুর একাদশ নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাননি ব্রাজিল কোচ। সংবাদ সম্মেলনে হাস্যরসের ছলে তিনি বলেন, ‘আমি লাইনআপ প্রকাশ করতে চাই না। আগামীকালের জন্য সেরা লাইনআপ কী হবে, তা আমি পরে ঠিক করব। আমি যদি এখন লাইনআপটা বলে দিই, আপনারা সবাই নিশ্চিন্ত হবেন। আমাকে আপনাদের কথাও ভাবতে হবে।’

শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে সোমবার চূড়ান্ত অনুশীলন শেষ করেছে ব্রাজিল। সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো একই একাদশই মাঠে নামানোর পরিকল্পনা আনচেলোত্তির। রাফিনহা এখনও ডান উরুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই দল সাজানোর সম্ভাবনা বেশি।

জাপানের বিপক্ষে সম্ভাব্য ব্রাজিল একাদশ: অ্যালিসন; দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়াস জুনিয়র।

সংবাদ সম্মেলনে মাতেউস কুনিয়ার ভূমিকাও তুলে ধরেন আনচেলোত্তি। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর সিদ্ধান্তটি কার্যকর হয়েছে বলে মনে করেন তিনি।

আনচেলোত্তি বলেন, ‘শেষ ম্যাচে কুনিয়াকে কোনো নির্দিষ্ট পজিশনে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। প্রতিপক্ষ যাতে সহজে আমাদের চাল বুঝতে না পারে, সে জন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন অদলবদল করা খুবই জরুরি। ব্রুনো, পাকেতা ও কুনিয়া—এই তিনজন গত দুই ম্যাচে এই কৌশল দারুণভাবে মাঠে ফুটিয়ে তুলেছে।’

নকআউট ম্যাচের গুরুত্ব নিয়েও কথা বলেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘এটা দুই লেগের টাই নয়; এটা একটি একক-এলিমিনেশন ম্যাচ। এর কোনো দ্বিতীয় লেগ নেই। এ ব্যাপারে ব্রাজিলের সৌভাগ্য যে তাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। এই ধরনের ম্যাচগুলো কীভাবে খেলতে হয়, সে সম্পর্কে দলটির দারুণ ধারণা আছে। তাদের ওপর আমার অনেক আস্থা আছে। দলটি প্রস্তুত, মনোযোগী এবং আগামীকাল যা কিছুই ঘটুক না কেন, তার জন্য তৈরি। অতিরিক্ত সময়, পেনাল্টি—আমরা সব দিক থেকেই প্রস্তুত।’

জাপানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠবে ব্রাজিল। সেক্ষেত্রে আগামী রবিবার নরওয়ে অথবা আইভরি কোস্টের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের…
  • ২২ আগস্ট ২০২৬
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
  • ২২ আগস্ট ২০২৬
বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি অধ্…
  • ২২ আগস্ট ২০২৬
নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল …
  • ২২ আগস্ট ২০২৬
১৮ বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি, যারা কখনও ডিপার্টমেন্টেও দায়িত…
  • ২২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ইরান 
  • ২২ আগস্ট ২০২৬