© ফাইল ফটো
বিজয় দিবসে জাতীয় পতাকার আকার বিকৃতি করে পতাকার অবমাননার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ নয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রংপুর মেট্রোপলিটনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী আজ রোববার এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক নাজমুল কাদির।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলী বলেন, পতাকা অবমাননার ঘটনায় তদন্ত করার জন্য আদালত থেকে মৌখিকভাবে নির্দেশ পেয়েছি। তদন্ত সংক্রান্ত আদালতের কাগজ হাতে পেলেই তদন্ত শুরু করবো।
এবারের বিজয় দিবসে নিজেদের মতো করে তৈরি করা জাতীয় পতাকা নিয়ে ক্যাম্পাসে তোলা ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক। এই শিক্ষকদের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকরাও।
ছবিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মন, ইতিহাসের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুদুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ, সহকারী অধ্যাপক কাইয়ুম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসাইন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বাসক রহমতউল্লাহ বিকৃত আকারের পতাকা ধরে দাঁড়িয়ে আছেন।