চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বাইক ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন বহিরাগতসহ মোট দুইজন আহত হয়েছে।
আহত দুইজনের একজন রবি-এয়ারটেলের সেলসম্যান আরমান ও অন্যজন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র নুর মোহাম্মদ সুমন।
এর মধ্যে হাতে ফ্রেকচার হওয়ার সম্ভাবনায় নুর মোহাম্মদ সুমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিরো পয়েন্ট থেকে শিক্ষার্থী বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশা কলা ঝুপড়ির দিকে যাচ্ছিল এবং রবি-এয়ারটেলের স্যালসম্যান আরমান লেডিস ঝুপড়ি থেকে বাইকে জয় বাংলা চত্ত্বর অভিমুখে আসছিল। এসময় আটোরিকশাটি জয় বাংলা চত্বরের সামনে আসলে বাইকটি এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. সান্তনু মহাজন বলেন, আহত দুজনের মধ্যে একজনের হাতে ফ্রেকচার হওয়ার সম্ভাবনা আছে। তাই এক্স-রে ও চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।