বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি © সংগৃহীত
সুনামগঞ্জ সদর উপজেলার মঈনুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষের কোদালের আঘাতে দুই শিক্ষার্থী গুরুতর আহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে জয়নগর বাজারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় ক্ষুব্দ শিক্ষার্থীরা অধ্যক্ষ মতিউর রহমান ও তার স্ত্রী উপাধ্যক্ষ আফরোজা পারভীনের পদত্যাগ দাবি করেন। কলেজ বাঁচাতে অবিলম্বে তাদের অপসারণের আহ্বান জানান শিক্ষার্থীরা।
প্রতিবাদ সভায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন নিজের ইচ্ছেমত পরিচালনা কমিটি করে স্বৈরতান্ত্রিক উপায়ে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ মতিউর রহমান ও তার স্ত্রী উপাধ্যক্ষ আফরোজা পারভিন। নিজের ইচ্ছেমত অসচেতন পরিবারের লোকদের নিয়ে ম্যানেজিং কমিটি করে কার্যক্রম চালান তিনি। এলাকার কয়েকটি বিত্তশালী ও প্রভাবশালী পরিবারের সহায়তায় কলেজকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছেন অধ্যক্ষ। কলেজে নিয়মবহির্ভূত ফিস আদায় করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে টাকা আত্মসাৎ করছেন।
উল্লেখ্য, গত শনিবার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের অকৃতকার্য দুই ছাত্রী শাখাইতি গ্রামের তাসলিমা খানম ও মাগুরা গ্রামের নাঈমা আক্তার নির্বাচনী পরীক্ষায় সুযোগ দেওয়ার জন্য তার পা ধরে অনুরোধ জানান। অধ্যক্ষ তাদের প্রথমে লাতি দিয়ে ফেলে দেন। পরে কোদালের হাতল দিয়ে বেধড়ক পেটান। অধ্যক্ষ মতিউর রহমানকে এ ব্যাপারে জানতে চেয়ে ফোন দিলে তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন তিনি বাইরে আছেন।