© ফাইল ফটো
বিএ এবং বিএসএস পরীক্ষার ২৯৪টি উত্তরপত্র একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের সমাজতত্ব-২ পরীক্ষার খাতাগুলো ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে গত ৭ নভেম্বর হারিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন রোডের ভাঙারির দোকান থেকে শনিবার (৯ নভেম্বর) সেগুলো উদ্ধার করা হয়। কসবা উপজেলার সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মো ছায়েদুর রহমান কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র থেকে উত্তরপত্র নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আসেন।
দুপুর দেড়টার দিকে ট্রেন থেকে নেমে রিকশা ডাকতে গিয়ে এসে দেখেন খাতা ভর্তি বস্তাটি নেই। এ ঘটনায় একটি জিডি করেন তিনি। পরে শনিবার দুপুরে তিনি নিজেই খাতাগুলো খুঁজে পান।
প্রভাষক ছায়েদুর রহমান বলেন, টোকাইয়ের মাধ্যমে নিজেই খাতাগুলো খুঁজে পেয়েছেন। শনিবার বিকেলে স্টেশন রোড এলাকার একটি ভাঙ্গারির দোকান থেকে খাতাগুলো উদ্ধার করেন। সব খাতাই অক্ষত আছে বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, থানায় একটি জিডি করার পর পুলিশ ও ওই ব্যক্তি খাতার সন্ধানে নামেন। বিকেলে স্টেশন রোডের একটি ভাঙারির দোকানে সেগুলো পাওয়া যায়।