‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান চার ইউনিটের ভর্তি পরীক্ষা। বুধবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪৪২ টি আসনের বিপরীতে আবেদন করে ১৪ হাজার ১ জন শিক্ষার্থী। তুলনামূলক পরীক্ষার্থী কম হওয়ায় এই ইউনিটের পরীক্ষা এক শিফটে এবং ক্যাম্পাসে নেয়া হয়েছে।
তবে দুটি উপ-ইউনিট বি-১ ও ডি-১ এর পরীক্ষা আগামীকাল ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ‘বি১’ উপ-ইউনিটে ১২৫ আসনের বিপরীতে আবেদন করেছে মোট ১,৯৪২ জন শিক্ষার্থী। যাদের পরীক্ষা প্রথম শিফটে চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এই উপ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬ জন শিক্ষার্থী।
একইদিন দ্বিতীয় শিফটে ‘ডি১’ উপ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩,২২৬ জন শিক্ষার্থী। এটিও চবি ক্যাম্পাসেই হবে। এই উপ ইউনিটে আসন প্রতি লড়বে ১০৮ জন।
এর আগে গত ২৭ অক্টোবর 'বি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় চবির ভর্তিযুদ্ধ। ১ হাজার ২২১টি আসনের বিপরীতে ৩৬ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৪৬০ জন শিক্ষার্থী।
২৮ অক্টোবর ‘বি’ ইউনিটের ফলাফল ঘোষণা করা হয়। এতে পাশ করে ১৩ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী। ফলাফল অনুযায়ী পাশের হার অংশগ্রহণকারীর ৩৬.৯৪ শতাংশ।
২৮ অক্টোবর দুই শিফটে ‘ডি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ১৮১ আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ৪৪ হাজার ৯৯০ জন শিক্ষার্থী। এবং অনুপস্থিত ছিলো ৭,৯২৭ জন শিক্ষার্থী। পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশ করার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারনে ফলাফল স্থগিত করা হয়েছে। এবং ন্যাশনাল কারিকুলামের প্রায় ৩০০ শিক্ষার্থীর পুনঃপরীক্ষা আগামী ৬ নভেম্বর নেয়ার কথা বলা হয়েছে।
২৯ অক্টোবর দুই শিফটে অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা। ১ হাজার ২১৪ আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৫২ হাজার ৭৮০জন। যেখানে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে গড়ে ৪৪ জন।