চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথমদিন 'বি' ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে ৪২ হাজার ৪ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে গড়ে ভর্তির জন্য লড়বে ৩৫ জন।
এবছর সর্বমোট ৪ হাজার ৯২৬ আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৮৭১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাই প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বে ৩৪ জন শিক্ষার্থী। ভর্তি জালিয়াতি ঠেকাতে সকল পরীক্ষা ক্যাম্পাসে হওয়ায় দুই শিফটে পরীক্ষা নেয়া হবে।
সেই হিসেবে ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘বি’ ইউনিটে ২০০০০১ রোল থেকে ২২১০০২ রোল পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম শিফটে এবং ২২১০০৩ রোল থেকে ২৪২০০৪ রোল পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় শিফটে পরীক্ষা নেয়া হবে। উভয় শিফটের পরীক্ষা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
প্রথম শিফটে পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল পৌনে ১০টায় মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে সকাল সোয়া ১০ টায়। প্রশ্নপত্র প্রদান করা হবে সকাল ১১ টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টায়।
এছাড়া দ্বিতীয় শিফটে পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে দুপুর সোয়া ২ টায়। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে তিনটয়। প্রশ্নপত্র প্রদান করা হবে সাড়ে তিনটায় এবং পরীক্ষা শেষ হবে বেলা বিকেল সাড়ে চারটায়।
ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ভর্তি পরীক্ষার সকল শিফটের সময় ও রোল এবং স্থান প্রকাশ করা হয়েছে । তবে প্রতি ইউনিটের আসন বিন্যাসের বিষয়টি ভর্তি পরীক্ষার ৪৮ ঘন্টা আগে ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।