নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)। আগামী বছরের ২৪ জানুয়ারি (২০২৭) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করার জন্য সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং), বি.এড ও বি.ফার্ম ডিগ্রির ক্ষেত্রে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। তবে ফার্মেসি বিভাগের স্নাতক শিক্ষার্থীরা এ তালিকার আওতাভুক্ত থাকবেন না।
স্নাতকোত্তর, এম.ফিল, পিএইচডি ও অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া PGDLIS-এর ২০১৮ B3 থেকে ২০২৩ B12 এবং PGDIT-এর Spring 2018 থেকে Summer 2024 সেশনের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েটদের জন্য ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পোর্টালে (https://convocation.nstu.edu.bd) গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
ফি নির্ধারণের ক্ষেত্রে জানানো হয়েছে, একক ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন ফি ৫ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর/ডিপ্লোমা উভয় ডিগ্রির জন্য একসঙ্গে রেজিস্ট্রেশন ফি ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সনদপত্র সংগ্রহের বিষয়ে জানানো হয়, মূল সনদপত্র সংগ্রহের সময় রেজিস্ট্রেশন ফি পরিশোধের অনলাইন পেমেন্ট স্লিপ প্রদর্শন করতে হবে। যারা এরই মধ্যে মূল সনদ তুলে নিয়েছেন, তারাও মূল সনদপত্র জমা দিয়ে নতুন করে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।
অন্যদিকে, যারা এখনো প্রোভিশনাল সার্টিফিকেট গ্রহণ করেননি, তাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে ফরম সংগ্রহ করে নিজ বিভাগ, হল ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (ক্লিয়ারেন্স) নিতে হবে। তবে যারা আগেই সাময়িক সনদপত্র তুলেছেন, মূল সনদ নেওয়ার সময় তাদের সাময়িক সনদের মূল কপি জমা দিতে হবে।
উল্লেখ্য, এর আগে নোবিপ্রবির সর্বশেষ ও দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর আগামী ২০২৭ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন।