উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
মেহেরিন মুনজারিন রত্না © সংগৃহীত
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মেয়ে মেহেরিন মুনজারিন রত্নাকে দেওয়া ভারত সফরের অনুমতি বাতিল করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরিনকে আজ ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারত যাওয়ার জন্য ছুটি মঞ্জুর করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই তার ভারত সফরের কথা ছিল।
তবে শুক্রবার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেহেরিন মুনজারিন রত্নাকে ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অর্জিত ছুটিসসহ ভারত ভ্রমণের অনুমতি দিয়ে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশটি অনিবার্য কারণবশত বাতিল করে হয়েছে। অনাপত্তি সনদ বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
জানা গেছে, গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটি মঞ্জুরের বিষয়টি জানানো হয়। ওই অফিস আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১১ সালের ১৯ জুনের একটি চিঠিতে অনুমোদিত বিধানের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, মেহেরিন মুনজারিন রত্না ভারত সফরের যাবতীয় ব্যয় নিজেই বহন করার কথা ছিল। এ সফরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক দায়বদ্ধতা থাকত না।
তবে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এ সময়ে মেহেরিনের ভারত সফর নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। গুঞ্জন ওঠে, তার বাবা মোজাম্মেল হক ভারতে অবস্থান করছেন। সে ক্ষেত্রে বাবার সঙ্গে দেখা করতেই মেহেরিন ভারতে যাচ্ছেন কিনা, তা নিয়ে আলোচনা চলছিল। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানার জন্য একধিকবার তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ওই সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম বলেন, মেহেরিন মুনজারিন রত্না তার স্বামীর চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়ার কথা উল্লেখ করে ছুটির আবেদন করেছেন। তবে কী ধরনের চিকিৎসা বা নির্দিষ্ট কোনো রোগের কথা উল্লেখ করেছেন, তা ওই মুহূর্তে বলতে পারেননি তিনি।