চবিতে ফ্রি ওয়াইফাই সেবা চালু © টিডিসি ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার ও জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন উচ্চধারণ ক্ষমতাসম্পন্ন ফ্রি ওয়াই-ফাই এক্সেস পয়েন্ট স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট সেবা চালাতে পারবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় চবির শহীদ মিনার এলাকায় স্থাপিত অ্যাক্সেস পয়েন্টের কভারেজ প্রায় ৪ হাজার ৩০০ বর্গফুট। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের অ্যাক্সেস পয়েন্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
জানা যায়, প্রাথমিকভাবে পাসওয়ার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা এই ওয়াইফাই সেবা ব্যবহার করতে পারবেন। বর্তমানে Wi-Fi-এর নাম ‘CU’ এবং একটি পাসওয়ার্ড সংযুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে এ সেবা ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এ উদ্যোগ ক্যাম্পাসে ডিজিটাল সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইসিটি সেলের পরিচালক, অতিরিক্ত পরিচালক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, বলেন চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান।