খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত
উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১২ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত তালিকায় তাঁদের নাম রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ইউজিসির রিসার্চ গ্রান্ট অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য খুবির ছয় শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তাঁরা হলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ ৩.৯৬), ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের বিবিএ ডিসিপ্লিনের তমালিকা বালা (৩.৭৫), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (৩.৯৫), চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাসসুম ইমা (৩.৮১), কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (৩.৫০) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (৩.৮৯)।
২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের গণিত ডিসিপ্লিনের মো. মেহেদী হাসান রাসেল (৩.৯৪), ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের আলমগীর হোসাইন (৩.৯৩), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের প্রত্যাশা সিকদার (৩.৯৫), কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের টি. এম. রাফাত রহমান (৩.৫২) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সুদীপ্ত দেবনাথ (৩.৯৪)।
এ ছাড়া ২০২১ সালের জন্য কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের তানাজ কবির (৩.৬৭) মনোনীত হয়েছেন।
ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং তাঁদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে। ২০০৫ সালে প্রবর্তিত এই পুরস্কারের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পর্যায়ে সংশ্লিষ্ট অনুষদ বা ডিসিপ্লিনে সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মনোনীত করা হয়।