আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপাচার্যকে স্মারকলিপি

০২ আগস্ট ২০২৬, ০৭:২৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৭:২৫ PM
গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির

গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির © টিডিসি ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোতে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ, রাজনৈতিক প্রভাবমুক্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং স্বচ্ছ ও নীতিভিত্তিক আসন বরাদ্দের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। 

শনিবার (২ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের কাছে স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটি। এ সময় সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন আবির ও সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি বিজয়-২৪ হলে নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থী ওঠানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এছাড়া এর আগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সিট বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় আবাসিক হলের স্বচ্ছতা, সমতা ও ন্যায়ভিত্তিক পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- মেধা, দূরত্ব, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য যৌক্তিক মানদণ্ডের ভিত্তিতে স্বচ্ছ আসন বরাদ্দ নীতিমালা প্রণয়ন, আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নবীন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংমুক্ত ও নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করা এবং হলসংক্রান্ত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, ‘আবাসিক হলে শিক্ষার্থী ওঠানোর একক কর্তৃত্ব হল প্রশাসনের হাতে থাকতে হবে। গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ করতে হবে, ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের হল ছাড়াতে হবে এবং নতুন শিক্ষার্থীদের ন্যায্যতার ভিত্তিতে আসন বরাদ্দ নিশ্চিত করতে হবে। প্রশাসন আমাদের জানিয়েছে, বিষয়টি প্রভোস্ট কমিটির সভায় আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘তারা আবাসিক হলের সিট বরাদ্দের নীতিমালাসহ কয়েকটি দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে আজই প্রভোস্ট কমিটির সঙ্গে আলোচনা করব। এরপর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, কয়েকদিন আগে বিজয়-২৪ হলে হল প্রশাসনের পূর্বানুমতি ছাড়াই ছাত্রদলের দুই নেতার মাধ্যমে দুটি কক্ষে ২৪ জন শিক্ষার্থীকে আবাসনের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’—আসছে প্রচার অভিযান…
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • ০৭ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬