শিক্ষার্থী আবু পলাশ © সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থী কিংবা আবাসন পরিবর্তন করতে ইচ্ছুকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো উপযুক্ত মেস বা বাসা খুঁজে পাওয়া। এই ভোগান্তি কমাতে ‘ঘর বাড়ি’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু পলাশ।
অ্যাপটির নির্মাতা আবু পলাশ বলেন, মূলত নতুন শিক্ষার্থীদের আবাসন খোঁজার ভোগান্তি কমানোর লক্ষ্যেই ‘ঘর বাড়ি’ অ্যাপটি তৈরি করেছি। বিশেষ করে বৃষ্টির দিনে মেস বা বাসা খুঁজতে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। সেই সমস্যার সহজ সমাধান দিতেই এই উদ্যোগ। অ্যাপটি তৈরিতে আমি আমার বিভাগের বড় ভাই রনি ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। এর আগে তিনি ‘মেস ব্যবস্থাপনা’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন।
বর্তমানে ‘ঘর বাড়ি’ অ্যাপটি গুগল প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে। এটি প্রকাশ করতে আমার প্রায় ৩৫ মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দিচ্ছি। এখানে যে কেউ নিজের মেস বা বাসার খালি সিটের তথ্য সহজেই আপডেট করতে পারবেন, ফলে আবাসন খুঁজছেন এমন শিক্ষার্থীরা নির্ভরযোগ্য তথ্য দ্রুত পেয়ে যাবেন।
তিনি আরও বলেন, যত বেশি মেস ও বাসার তথ্য যুক্ত হবে, তত বেশি শিক্ষার্থী উপকৃত হবে। এটি শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত আবাসন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।
বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সোহেল বলেন, নতুন শিক্ষার্থীদের জন্য মেস খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। যদি সব মেসের তথ্য এক জায়গায় পাওয়া যায়, তাহলে সময় ও ভোগান্তি দুটোই কমবে। ‘ঘর বাড়ি’ অ্যাপটি শিক্ষার্থীদের জন্য সত্যিই একটি সময়োপযোগী উদ্যোগ বলে আমি মনে করি।
আরেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, আমরা সাধারণত ফেসবুক পোস্ট বা পরিচিতদের মাধ্যমে মেস খুঁজে থাকি। কিন্তু সেখানে অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায় না। এই অ্যাপটি নিয়মিত আপডেট হলে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে।
পলাশ জানায়, অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোরে ‘GhorBari’ নামে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা প্লে স্টোরে ‘GhorBari’ লিখে সার্চ করে অথবা নির্ধারিত ডাউনলোড লিংকের মাধ্যমে অ্যাপটি ইনস্টল করতে পারবেন।