জবিতে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

২২ এপ্রিল ২০২৬, ১২:০০ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় এখন থেকে সপ্তাহে এক দিন (বৃহস্পতিবার) অনলাইনের মাধ্যমে ক্লাস অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সরকারের নির্দেশনার আলোকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসরণ করে সভাটি আহ্বান করা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করতে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপাচার্য বলেন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে এ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখবেন। দ্রুততম সময়ের মধ্যেই বৈশ্বিক এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে এক দিন বৃহস্পতিবার সব একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে জ্বালানি ব্যবহারের তথ্য তুলে ধরে জানান, সপ্তাহে অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব।

এ ছাড়া সভায় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা এবং একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন উপস্থিত সদস্যরা।

সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক, বহিঃসদস্য, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও গ্রন্থাগারিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬