ইসলামী বিশ্ববিদ্যালয়
© টিডিসি ফটো
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের নিয়ে এসে আবাসিক হলে বন্ধুকে পিটিয়ে আহত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের এক কর্মী। আশিকুজ্জামান আকাশ নামের ওই কর্মী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় ত্রিবেণী ইউপি চেয়ারম্যানের ভাতিজা বলে জানা গেছে।
এই ঘটনায় একই বিভাগের হোসনে মোবারক সাগর আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রত্যাক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৬টার দিকে তুচ্ছ ঘটনায় সাগর ও আকাশের মধ্যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আকাশ তার বন্ধু সাগরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে মেসেঞ্জার গ্রুপ ত্যাগ করে।
এর কিছুক্ষণ পরে রাত ৮টার দিকে ৭-৮জন স্থানীয় বহিরাগতদের নিয়ে বঙ্গবন্ধু হলে আসে আকাশ। এরপর কথা আছে বলে সাগরকে ফোন দিয়ে হল গেটে আসতে বলে। বন্ধুর প্রতি বিশ্বাস রেখে একাই হল গেটে দেখা করতে আসে সাগর। এরপর কিছু বুঝে ওঠার আগেই বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে উপর্যুপুরি কিলঘুষি মারতে থাকে।
একপর্যায়ে হলের আবাসিক শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে মারধরকারী বহিরাগতরা পালিয়ে যায়। কিন্তু আকাশকে হাতেনাতে ধরে ফেলে তারা। এরপর তাকে হলের গেস্ট রুমে আটকে রেখে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয় শিক্ষার্থীরা।
পরে ঘটনাস্থলে প্রক্টরের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন আজহারী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ এবং হলের আবাসিক শিক্ষক শরিফুল ইসলাম উপস্থিত হন। এরপর হলের ছাত্রলীগ নেতারা আকাশকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের অন্যসব কর্মীদের তোপের মুখে পড়ে তারা। পরে হামলাকারীদের বিচার চেয়ে ছাত্র উপদেষ্টার নিকট লিখিত অভিযোগ করে ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, ‘ঘটনাটির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে যথার্থ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করেছি।’
জাতির পিতা বঙ্গবন্ধু হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক তপন কুমার জোদ্দার বলেন, ‘এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। তারা এ ব্যাপারে যথাযত ব্যবস্থা নিবেন।’
এদিকে এই ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন।
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদ, মাসুম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আজ একজনকে বহিরাগতা পিটালো কাল যে আমাকে পিটাবে না তার নিশ্চয়তা দিবে কে?’ এসময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানান।