বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে এবার বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। অবরোধের কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে টানা ১৪তম দিনে গড়িয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলন। আন্দোলনকারীরা জানিয়েছেন, উপাচার্যে পদত্যাগ অথবা ছুটির প্রমাণপত্র হাতে না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে উপাচার্যের চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে বিইউডিএস এর এক অনুষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ বললে আন্দোলন বেগবান হয়।
প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়। এর পরিবর্তে উপাচার্য দুইবার বিবৃতি প্রদান করে দু:খ প্রকাশ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
গত শনিবার বরিশাল বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে জেলা সার্কিট হাউজে এক সমঝোতা বৈঠকে বসেন শিক্ষার্থীরা। এতে বরিশালের স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাানের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধি অংশ নেয়।
এতে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ ফারুক শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, ভিসিকে বাধ্যতামুলক ছুটিতে পাঠানো হবে। তিনি আর বরিশাল বিশ্ববিদ্যালয় ফিরে আসবেন না। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবীর প্রতি অনড় রয়েছেন। উপাচার্যের লিখিত পদত্যাগ বা বাধ্যতামুকল ছুটি লিখিত না পেলে আন্দোলন থেকে সরে যাবেন না বলে ঘোষনা দেন।