© ছবি : সংগৃহত
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে কলেজের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এসে সমাবেশ করেন। শনিবার বেলা ১০টার দিকে ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র মৈত্রী কলেজ শাখা এই মিছিল ও সমাবেশ করে।
বাংলাদেশ ছাত্র মৈত্রী কলেজ শাখার সভাপতি জয় চক্রবর্তীর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল মহানগরের আহ্বায়ক শামিল শাহরোখ তমাল, বরিশাল জেলার সভাপতি মিন্টু দে, মহানগর কমিটির সদস্য আল মামুন রাব্বি, ইমরান নূর নীরব প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন কলেজ শাখার সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শাওন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হচ্ছে। দক্ষিণ বাংলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ব্রজমোহন কলেজে ২৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের দাবি-দাওয়া জানানোর কোনো মাধ্যম নেই।
সাধারণ শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন সংকট নিরসন ও ক্যাম্পাসে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়তে হলে ছাত্র সংসদ থাকার কোনো বিকল্প নেই। সাধারণ শিক্ষার্থীদের আশ্রয়স্থল বাকসুর নির্বাচন হওয়া একান্ত জরুরি। তাই, অবিলম্বে বাকসু নির্বাচনের দাবি জানান শিক্ষার্থীরা।