ফাইল ফটো © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনে ছাত্র সংগঠনগুলোর সাথে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের সংলাপ কমিটি। বৃহস্পতিবার বিকেলে প্রথম ছাত্র সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফেডারেশনের ৭ সদস্যের দলটির সাথে আলোচনা করেন কমিটির সদস্যরা। বেলা সাড়ে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চলে সংলাপটি।
ছাত্র ফেডারেশন নেতাদের সূত্রে জানা যায়, ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ৭ টি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে আছে, ছাত্র সংগঠনগুলোর স্বস্থানের লক্ষ্যে পরিবেশ পরিষদ গঠন করা, হলের বাইরে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রগুলো সিসি টিভির আওতায় আনা, কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা না দেওয়া, রাজনৈতিক ভাবে বিতর্কিত নয় এমন শিক্ষকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা ও রাকসুর সভাপতি ছাত্রদের মধ্য থেকে নির্বাচিত করা। এছাড়া বিশেষ রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বাত হোসেন মিলন বলেন, আমাদের দাবির মধ্যে সভাপতি ছাত্রদের মধ্য থেকে নির্বাচিত হবে এই বিষয়টি সংশোধন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান। বাকিগুলো বিবেচনায় রাখা হবে বলে জানান তিনি।
আলোচনার সময় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, সহ-সাধারণ সম্পাদক শুভ্রত কর্মকার, প্রচার সম্পাদক ইসরাফিল আলম ও সদস্য আব্দুস সবুর লোটাস এবং আসমা উষা, অন্তু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে রাকসু সংলাপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান, সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার ও রাকসুর কোষাধ্যক্ষ মীর ইমাম ইবনে ওয়াহেদ উপস্থিত ছিলেন।
সংলাপ কমিটির সদস্য সচিব অধ্যাপক নাজমুল হায়দার বলেন, ছাত্র ফেডারেশনের সাথে মতবিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা শুরু করলো রাকসু নির্বাচন সংক্রান্ত সংলাপ কমিটি। ধারাবাহিকভাবে দশটি সংগঠনের সাথে মতবিনিময় চলবে। আগামী ১২ তারিখ বিপ্লবী ছাত্র মৈত্রীর সাথে আলোচনায় বসা হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ও রাকসু সংলাপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, পর্যায়ক্রমে তথ্য জমা দেওয়া ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিটি। ধারাবাহিকভাবে এ আলোচনা চলতেই থাকবে। এছাড়াও সংলাপে বসার আগেই প্রত্যক সংগঠনকে সংলাপ কমিটির পক্ষ থেকে নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনগুলোকে সংগঠনের গঠনতন্ত্র, কমিটির তালিকা আগামী সপ্তাহের মধ্যে প্রক্টর অফিসে জমা দেওয়ার আহবান করা হয়েছে বলে জানান প্রক্টর।