চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পাখি ও গাছপালার অভয়ারণ্য হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের আন্তরিকতা ও অনুকূল ভৌগলিক পরিবেশের কারণে দিন দিন এই ক্যাম্পাসের সৌন্দর্য্য বাড়ছে। এক গবেষণায় দেখা গেছে, ক্যাম্পাসে বর্তমানে ২১৫ প্রজাতির পাখি বাস করছে। এছাড়াও আগামী চার বছরের মধ্যে ক্যাম্পাসে চার শতাধিক গাছের সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ১৯৮৫ সালে চবিতে পাখির প্রজাতি ছিল ৭৯টি। কিন্তু ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, গত তিন দশকে এই ক্যাম্পাসে নতুন ১৩৬ প্রজাতির পাখি রেকর্ড করা হয়। পাখি নিয়ে পরিচালিত এই গবেষণা ইতিমধ্যে ভারতের থ্রেটেন্ড টেক্সা জার্নালে প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ফরিদ আহসান, মো. তারিক কবির, মো. মিজানুর রহমান ও মো. মনিরুল ইসলাম এই গবেষণা পরিচালনা করেন।
অধ্যাপক ফরিদ আহসানের গবেষণায় বলা হয়েছে, ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাখির উপর চালানো আরেকটি জরিপে ১১ বর্গের ৩১ গোত্রের সর্বমোট ৯২ প্রজাতির পাখি রেকর্ড করা হয়েছিলো। এরমধ্যে মধ্যে ৩৮টি ছিল অগায়ক এবং ৫৪টি ছিলো গায়ক প্রজাতির। এদের মধ্যে ৭৬টি স্থায়ী প্রজাতি এবং ১৬টি পরিযায়ী প্রজাতিও শনাক্ত করা হয় সে সময়।

২০১৭ সালে অধ্যাপক ফরিদ আহসান পাখির উপর সর্বশেষ জরিপটি পরিচালনা করেন। তাতে তিনি ২১৫ প্রজাতির পাখি রেকর্ড করার কথা জানিয়েছেন। এরমধ্যে গায়ক প্রজাতি রয়েছে ১০৮টি, আর অগায়ক প্রজাতি রয়েছে ১০৭টি। এরমধ্যে ১৬০ প্রজাতির পাখির স্থায়ী নিবাস চবি ক্যাম্পাস। আর পরিযায়ী পাখি হিসেবে বিভিন্ন মৌসুমে ক্যাম্পাসে আসে ৫১ প্রজাতির পাখি। চারটি প্রজাতি আছে, যারা মাঝেমধ্যে ক্যাম্পাসে আসে। এসব পাখির মধ্যে বেশকিছু দুর্লভ প্রজাতির পাখিও রয়েছে। যাদের মধ্যে রয়েছে- মথুয়া, পিটা, গ্রিন ম্যাগপাই, কানাকুয়া, মালকোহা, রেড হেডেড ট্রাগল ও রুপাস নেকড লাফিং প্রাস।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী সৈয়দ মোহাম্মদ আসমত জানিয়েছেন, উদ্ভিদবিদ্যা বিভাগ এবং বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউট ছাড়াও আশপাশে স্থানীয়রাও প্রচুর বৃক্ষ লাগিয়েছেন। ইতিমধ্যে ওয়ার্ল্ড রিসার্চ ইন্সটিটিউট (ডব্লিউআরআই) ইন্দো-বার্মা বায়ো-ডাইভারসিটি এ ক্যাম্পাসকে প্রাণির ‘হট স্পট’ হিসেবে উল্লেখ করেছে। পাহাড়ঘেরা এই ক্যাম্পাসে পাখির পদচারণা বাড়লেও বণ্যপ্রাণির সংখ্যা দিন দিন কমছে।

তবে উল্লেখযোগ্য হারে বাড়ছে গাছের প্রজাতি। গত ১৮ বছরে ১৯২ প্রজাতির গাছ বেড়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ২০১০ ও ২০১৬ সালে গাছ ও সপুষ্পক উদ্ভিদ নিয়ে গবেষণা করেন বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন, মোহাম্মদ সফিউল আলম ও মো. আকতার। তাদের গবেষণা বলছে, ১৯৫০ সালের দিকে বিশ্ববিদ্যালয়ের এই অঞ্চলে গর্জন, বৈলাম, পাদাউক, আগর, তমাল, ধূপ, ত্রিশূলের মতো গাছের আধিক্য ছিল। কালের পরিক্রমায় এসব গাছ ক্যাম্পাস থেকে হারিয়ে গেলেও কর্তৃপক্ষের উদ্যোগে এখানে আগামী চার বছরের মধ্যে সর্বমোট চার’শ প্রজাতির গাছের সংগ্রহশালা করে তোলার পরিকল্পনা রয়েছে।
গবেষণায় জানানো হয়েছে, ১৯৯৯ সালের দিকে ক্যাম্পাসে গাছ ছিল ৫৯ প্রজাতির। ২০০৬ সালে সেটা বেড়ে ১৭৫ প্রজাতি হয়। সর্বশেষ গবেষণায় ২৫৫ প্রজাতির গাছ রেকর্ড করা হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, ১৯৭৫ সালের দিকে বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা হওয়ার পর কিছু কিছু গাছ লাগানো হয়। ১৯৮২ সালে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের উদ্যোগে রাস্তার পাশে, ক্যাম্পাসের খালি জায়গায় ও পাহাড়ের ঢালে শতাধিক প্রজাতির গাছ লাগানো হয়।

বন ও পরিবেশ বিদ্যা ইন্সটিটিউটের অধ্যাপক কামাল হোসাইন বলেন, আগামী চার বছরে নতুন ১৪৫ প্রজাতির গাছ লাগানো হবে। সর্বশেষ জরিপ অনুযায়ী ২৫৫ প্রজাতির গাছ রয়েছে বর্তমানে। তাই আগামী চার বছরে চবি ক্যাম্পাসকে সর্বমোট ৪’শ প্রজাতির গাছের সংগ্রহশালা করে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে গাছের চারা সংগ্রহ করা হচ্ছে।
তিনি জানান, একটা জরিপে আমরা দেখেছি প্রতি ১০০ গাছের মধ্যে প্রাকৃতিক ভাবে জন্মানো গাছের সংখ্যা মাত্র ১০-১২ টি। যেখানে কয়েক বছর আগেও এই সংখ্যা অনেক বেশি ছিলো। এ থেকে বুঝা যায় অনেক গাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই আমরা কিছু গাছ বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি বনভূমিতে সংগ্রহ করে রাখার উদ্যোগ নিচ্ছি। এটা কোনো ব্যবসায়ী উদ্যোগ না। শুধুমাত্র গাছ সংগ্রহের জন্য এই পরিকল্পনা নিয়েছি আমরা। এমনকি সংরক্ষিত বনভূমিতে বহিরাগত কেউ যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতোমধ্যে অবগত করেছি আমরা। বনায়নের ফলে ক্যাম্পাসের পরিবেশ আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী আমরা।
বন্যপ্রাণী কমে যাওয়ার কারন জানতে চাইলে প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী সৈয়দ মোহাম্মদ আসমত বলেন, গাছ, পাখি, প্রাণী এই সবকিছু একটা অন্যটার সাথে সম্পর্কিত। সাধারণত পাখিরা একটা গাছের ফল খেয়ে অন্য স্থানে গিয়ে মল ত্যাগ করলে সেখানে নতুন করে গাছ জন্মায়। তবে সৌন্দর্য বর্ধনের কাজ চলার ফলে কিছু কিছু লেক, এবং গাছের সমৃদ্ধ কিছু জায়গা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এটা যেমন বৃক্ষের উপর প্রভাব ফেলছে, তেমনি পশুপাখির উপরেও প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশকিছু পাহাড় খন্ড খন্ড হয়ে যাওয়ায় বন্যপ্রাণীদের যাতায়াত কমে গেছে। তারা ধীরে ধীরে অন্যত্র চলে যাচ্ছে। যে গুটি কয়েক বন্যপ্রাণী এখনো আছে, সেটা সংরক্ষণ করতে হলে কমপক্ষে পাশাপাশি দুটি পাহাড় সম্পূর্ণ জনবিচ্ছিন্ন করে দিতে হবে। অন্যথায় বন্যপ্রাণীর সংখ্যা ধীরে ধীরে আরও কমে যাবে। এমনকি নিশ্চিহ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও জরুরী ভিত্তিতে যদি কিছু গাছ লাগানো যায় যেখান থেকে পাখিরা ফলমূল খেয়ে অন্যত্র গিয়ে মল ত্যাগ করলে গাছের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাবে। প্রয়োজনে গাছে পাখির জন্য হাঁড়ি, বক্স এসবও দেয়া যেতে পারে। তবেই ভালো একটা ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।