রাবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়ার পরিবেশ তৈরির দাবি জানানো হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সাত-দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে রাকসু আন্দোলন মঞ্চের নেতারা। এসময় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া।
স্মারকলিপিতে সাত দফা সম্বলিত দাবি ও প্রস্তাবগুলো হলও- সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন দিতে হবে এবং হল সংসদ নির্বাচনের তারিখ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা; ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী ছাত্র সংগঠনগুলো নিষিদ্ধ ঘোষণা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত; নির্বাচনের সময় হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপন ও কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা; নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের রিটার্নিং কর্মকর্তা এবং সাবেক রাকসু প্রতিনিধিদের সমন্বয়ে পরিবেশ পরিষদ গঠন; নির্বাচিত রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট ও ছাত্র প্রতিনিধি নিশ্চিত করে সিনেট পূনাঙ্গভাবে কার্যকর; আবাসিক হলে রাজনৈতিক ব্লক নিষিদ্ধ করে বৈধ শিক্ষার্থীদের সিটের ব্যবস্থা করে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত; ক্রিয়াশীল সকল সংগঠনের মতামতের ভিত্তিতে রাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণার দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদান-কালে রাকসু আন্দোলন মঞ্চের নির্বাহী সমন্বয়ক মোহাম্মদ শরীফ, যুগ্ম আহবায়ক মাহমুদ সাকি, রাশেদ রিমনসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।