© ফাইল ছবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নতুন হলের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। এছাড়াও চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন এবং বর্ষীয়ান রাজনীতিক আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে অ্যাকাডেমিক ও গবেষণা ভবন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (০২ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪২তম অধিবেশনে এই তিনটি ভবনের নামকরণ প্রস্তাব অনুমোদিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীতে ২০ একর জমির ওপর ১৮০ কোটি টাকা ব্যয়ে সিভাসুর রিসার্চ অ্যান্ড ফার্ম বেজড ক্যাম্পাস স্থাপন করা হচ্ছে। নতুন এ ক্যাম্পাসে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মাঠপর্যায়ে গবেষণার সুযোগ তৈরিতে দুটি নতুন অনুষদ, দুটি ইনস্টিটিউট এবং ফার্ম ও হ্যাচারি থাকবে।
অধিবেশনে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নূরল আনোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি প্যাথলজি বিভাগের প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম উপস্থিত ছিলেন।