রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বিষয়ে আলোচনা করতে আগ্রহী দশটি রাজনৈতিক ছাত্র সংগঠনের তথ্য এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। বিশ্ববিদ্যালয়ের বেধে দেওয়া এক সপ্তাহের মধ্যে গঠনতন্ত্র, কমিটির তালিকাসহ এই তথ্য জমা দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। আগামী সোমবার সংলাপ কমিটির সভা শেষে পর্যায়ক্রমে তাদের সাথে আলোচনা বসতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত ওই সংলাপ কমিটি।
রাকসু নির্বাচন সংলাপ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত ২২ জানুয়ারি থেকে উপর্যুক্ত তথ্যাদি জমা দেওয়া শুরু হয়। মঙ্গলবার গঠনতন্ত্র জমা দেওয়ার শেষদিন ছিলো।
তথ্য জমা দেওয়া ছাত্র সংগঠন হলো- বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী),সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (লেলিনবাদী) বাংলাদেশ ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বঙ্গবন্ধু প্রজন্মলীগ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, ছাত্র সংগঠনগুলোর গঠনতন্ত্র ও কমিটির তালিকা পেয়েছি। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসার ইচ্ছা আছে। তবে সেটি সোমবারের সভার পর সিদ্ধান্ত জানানো হবে।
এছাড়া শুধু রাজনৈতিক ছাত্র সংগঠন নয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকেও তথ্য জমা দেওয়ার আহ্বান করা হবে। কারণ তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান তিনি।
এদিকে স্বতন্ত্র হিসেবেও নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর। ‘কোন শিক্ষার্থী যদি এককভাবে নির্বাচন করতে চায় সেই সুযোগও রয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের অনুমোদন লাগবে। এছাড়াও শিক্ষার্থীকে তার বিভাগের সভাপতি কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি রাকসু সংলাপ কমিটির কাছে জমা দিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। তবে যদি বিভাগ থেকে সেই শিক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করে তাহলে সে আর প্রার্থী হতে পারবে না।’