আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে হলে অবৈধভাবে অবস্থানকারী ছাত্রদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সে লক্ষ্যে মঙ্গলবার হলের প্রতিটি কক্ষে নোটিশ পাঠায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল কর্তৃপক্ষ। কিন্তু বিপত্তি ঘটেছে অন্যখানে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত এক পৃষ্ঠার ওই বিজ্ঞপ্তিতে ৮টি বানানই ভুল পাওয়া যায়। এর বাইরেও আছে সাধু ও চলিত ভাষার মিশ্রণে গুরুচন্ডালী দোষ। রয়েছে বাহুল্য দোষও। এমনকি প্রাধ্যক্ষের স্বাক্ষর করা নোটিশে প্রাধ্যক্ষ বানানই ভুল। হল প্রাধ্যক্ষের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এত বানান ভুল দেখে সমালোচনা করেছেন শিক্ষার্থীরা।
তারা বলছেন, শুধু বানান ভুলই নয়, বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব না থাকা শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়েছে। অথচ যারা বাহিরাগত হয়েও হলে অবস্থান করছেন; তাদের ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, ‘এটা কর্মকর্তাদের ভুলে হয়েছে। বিষয়টা খোঁজ নেব।’