জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা দু’গ্রুপে বিভক্ত হয়ে আলাদা দুটি প্যানেলে ভোট করছেন। ফলে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনাও পরিলক্ষিত হয়েছে। এছাড়া নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের কোন প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না।
সমিতির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল দু’ভাগে বিভক্ত হয়ে দুটি আলাদা প্যানেলে ভোট করছেন। এক প্যানেলে সভাপতি প্রার্থী অধ্যাপক ড. জাকির হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক ড. আব্দুল আলীম এবং অপর প্যানেলে সভাপতি প্রার্থী অধ্যাপক ড. দীপিকা রাণী, সাধারণ সম্পাদক প্রার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ। এবারের নির্বাচনেও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশগ্রহণ করছেন না।
জানা যায়, জবি শিক্ষক সমিতির নির্বাচন ঘিরে আওয়ামীপন্থী নীল দলের শিক্ষকদের গ্রুপিং চরম আকারে ধারণ করেছে। শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ব্যক্তিগত ওয়ালে এবং ফেসবুক গ্রুপে একে অপরকে আক্রমণ করে পোস্ট দিচ্ছেন। এ নিয়ে শিক্ষকসহ ক্যাম্পাসে সব জায়গায় আলোচনা চলছে।
জবি শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সুরঞ্জন কুমার দাস বলেন, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ, শিক্ষক সমিতির কার্যনির্বাহী ২০১৯-এর নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ভোট গ্রহণ শেষে ফলাফল দেয়া হবে।