জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিভাগ উন্নয়ন ফি বাতিল করার দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করবে প্রগতিশীল ছাত্র জোট। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করবে তারা।
বুধবার সকাল ১০টায় প্রগতিশীল জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রগতিশীল ছাত্র জোট দীর্ঘদিন ধরে অবৈধ সকল ফি বাতিলের দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে আসছে। প্রশাসন বারবার আমাদের দাবির সাথে একমত পোষণ করছেন, এবং পরবর্তী বছর রাষ্ট্রের কাছ থেকে অর্থ আদায়ের আশ্বাস দিলেও বিভাগ উন্নয়ন ফি বাতিলের কোন উদ্যোগ দেখা যায়নি। বরং গত ২ বছর ধরে নতুন করে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিভাগ উন্নয়ন ফি চালু করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন প্রকার অর্থসংস্থান করার দায়িত্ব শিক্ষার্থীদের না। প্রশাসনও আমাদের সাথে একমত। যখন নীতিগত জায়গায় বিষয়টি মিমাংসিত তখন কেন অবৈধভাবে ফি আদায় বাতিল করছে না?
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, 'আমরা শিক্ষার্থীদের কাছ থেকে দাবির সমর্থনে সাড়ে ৪ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছি। বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী আমাদের দাবির পক্ষে সমর্থন জানিয়েছে। প্রশাসন যদি রাষ্ট্রের কাছ থেকে অর্থ আদায় করতে না পারেন শিক্ষার্থীরাও প্রশাসনের সাথে রাষ্ট্রের কাছে যেতে প্রস্তুত। আমরা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ এবং সদিচ্ছার বহিঃপ্রকাশ চাই। কিন্তু প্রশাসনে পক্ষ থেকে আমরা বারবার সদিচ্ছার ঘাটতি লক্ষ করছি। তাই আমরা এ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।'