পারমাণবিক শক্তি প্রযুক্তিবিষয়ক কর্মশালা © টিডিসি ফটো
রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি ‘মেফি’ এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং (আইএনপিই) এর যৌথ উদ্যোগে পারমাণবিক শক্তি প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ৫ থেকে ৯ নভেম্বর ৫ দিনব্যাপী এ কর্মশালা বুয়েটে অনুষ্ঠিত হয়। এতে বুয়েটের বিভিন্ন অনুষদের ৭০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
ভিভিইআর-১০০০ এবং ভিভিইআর-১২০০ ভিত্তিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও সরঞ্জাম, পারমাণবিক জ্বালানী চক্র, পারমাণবিক চুল্লির কোরের থার্মোহাইড্রোলিক প্রোফাইলিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কর্মশালায় অন্তর্ভূক্ত ছিল। মেফির তিন জন অধ্যাপক ড. দিমিত্রি সামোখিন, ড. ভি.ফিদোসিয়েভ এবং ড. অলগা মামোত এটি পরিচালনা করেন।
সমাপনী দিন ৯ নভেম্বর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে আইএনপিই-এর পরিচালক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং প্রাক্তন পরিচালক ড. এম. এ. রশিদ সরকার, ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক এ.পি. ডেমিন, রুশ রাস্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটমের বাংলাদেশ প্রতিনিধি মিখাইল এস. ব্রননিকভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মেফির পারমাণবিক পদার্থ বিদ্যা এবং প্রকৌশল বিভাগের একটি আন্তঃসরকারী চুক্তির আওতায় রূপপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় লোকবল প্রশিক্ষণে সহায়তা প্রদান করছে রাশিয়া। বর্তমানে শতাধিক বাংলাদেশী রুশ বিশ্ববিদ্যালয়গুলোতে পরমাণু বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা লাভ করছেন। রূপপুর প্রকল্পের এমপ্লয়িদের জন্য নিয়মিতভাবে প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক কোর্সেরও আয়োজন করছে রসাটম।