কর্মশালায় শিক্ষার্থীরা © টিডিসি ফটো
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ব্যাচের নারী শিক্ষার্থীদের দুই দিনব্যাপী ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর আয়োজনে ব্র্যাক লার্নিং সেন্টার রংপুরে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস প্রতিষ্ঠানটি বেরোবি’র নারী শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে যে সকল চেষ্টা করে যাচ্ছে তা থেকে অংশগ্রহণকারী সকলে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন এবং নিজেকে ভবিষ্যৎ সময়ের জন্য প্রস্তুত করবেন। পরে তিনি এ সকল কর্মশালা আয়োজন করার জন্য আয়োজক প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদার পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ, গবেষণা সহযোগী জিয়া উদ্দিন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাকিব আলম। এতে আরো অংশ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে বাছাইকৃত নারী শিক্ষার্থীবৃন্দ।
এর আগে ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে ‘নারী উদ্যোক্তা প্রশিক্ষণ’ এর জন্য আবেদনকৃত ৪৩০জন নারী শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিযোগীতার ভিত্তিতে বাছাইকৃত ২০০জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই সকল প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর এমপাওয়ার্ড ওমেন পিসফুল প্রজেক্ট এর অধিনে ইউএন ওমেন এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালা আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত চলবে। এর আগে গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে দুটি পৃথক পর্বে এই সকল শিক্ষার্থীরা ইনোভেশন ওয়ার্কশপে অংশ নেয়।
উল্লেখ্য, গত ৫ জুলাই ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। তারই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ-কর্মশালায় অংশগ্রহণ করেন।